করোনার থাবার মধ্যেই মাথাচাড়া দিয়েছে ঘূর্ণিঝড়ের পরবর্তী পরিস্থিতি। এর জের নাজেহাল বাংলার মানুষ। বাংলার এমন বিষাদ সময়ে মানুষের পাশে সেবাব্রত নিয়ে দাঁড়িয়েছেন নানান তারকা। তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সকলকে। এদের মধ্যে গায়ক রূপম ইসলাম অন্যতম।
রূপম ইসলাম ও তাঁর সহযোগীদের উদ্যোগে গত রবিবার থেকে দক্ষিণ কলকাতায় চালু করা হল নিজস্ব অক্সিজেন পরিষেবা। এই পরিষেবা সম্পর্কে নানান তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রূপম। যোগাযোগ নম্বরও দিয়েছেন তিনি।
আরও পড়ুন- পড়াশোনার চাপ বেড়েছে, সোজা প্রধানমন্ত্রীকে নালিশ করে বসল খুদে, দেখুন ভাইরাল ভিডি
গত প্রায় দেড় মাস ধরেই অন্য একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়ে করোনা পরিস্থিতি মোকাবিলাতে কাজ করে চলেছেন টিম রূপম ইসলাম। এবার তারা চালু করলেন অক্সিজেন পরিষেবাও। জানা গিয়েছে, চিকিৎসকের প্রেসক্রিপশন থাকলে, রোগীর বাড়ি গিয়ে নিরখরচায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেবে তাঁর টিম।
শুধু করোনা পরিস্থিতিই নয়, ঘূর্ণিঝড় যশের সময়ও সক্রিয় ভূমিকা নিয়েছে তাঁর টিম। প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে একজোট হয়ে কাজ করেছেন তারা। যশ আছড়ে পড়ার আগেই অসংখ্য মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছেন তারা। এছাড়াও, যশ পরবর্তী সময়েও ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে তাঁর টিম। শতাধিক মানুষের হাতে খাবার তুলে দিতে তাঁর টিম পৌঁছে যায় পূর্ব মেদিনীপুরের শালুকখালি গ্রামে।
আরও পড়ুন- প্রায় শেষের দিকে ‘খড়কুটো’র শুটিং, ‘মোহর’-এর ভাণ্ডার শূন্য, কিছুদিন পর দর্শকদের রসদ জোগাবে কারা?
এই অতিমারি ও ঘূর্ণিঝড়ের কারণে মানুষের মতো অসহায় হয়ে পড়েছে জীবজন্তুরাও। তাদের জন্যও কাজ করে চলেছে রূপম ইসলামের টিম। তাঁর টিমের কৃষ্ণনগরের প্রতিনিধিরা প্রতি রাতে রান্না করে খাওয়াচ্ছে পথকুকুরদের। শিল্পীর এই কাজের ভাগীদার হতে পারেন নেটিজেনরাও। পিপিই কিট, স্যানিটাইজার, মাস্ক, ফেস শিল্ডের মতো নানান প্রয়োজনীয় জিনিসের খরচার ভার নিয়ে সাহায্য করা যেতে পারে শিল্পীর টিমকে।





