‘আরেকটু থাকতে দাও ওকে, এসব লেখার অনেক সময় পাবে’, ঐন্দ্রিলার মৃত্যুর গুজবে মুখ খুললেন সব্যসাচী

অনুরাগী থেকে নানান তারকা সকলেই তাঁর ফিরে আসার কামনা করছেন। সকলেই প্রার্থনা করছেন যাতে আগের দু’বারের মৃত্যুকে হারিয়ে ফের আপনজনদের কাছে ফিরে আসেন তিনি। এরই মাঝে গতকাল, বুধবার মাঝরাতে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার মৃত্যুর গুজব রটে যায়। ফেসবুকে R.I.P., রেস্ট ইন পিস লেখা হতে থাকে।

এ নিয়ে মাঝরাতেই মুখ খোলেন অভিনেত্রীর ছায়াসঙ্গী অভিনেতা সব্যসাচী চৌধুরী। এধরনের গুজব না ছড়ানোর আবেদন জানান তিনি। লেখেন, “আরেকটু থাকতে দাও ওকে.. এসব লেখার অনেক সময় পাবে”।  শুধুমাত্র কাছের মানুষরা নন, ঐন্দ্রিলার জন্য রাত জাগছেন বহু অনুরাগী। 

ঐন্দ্রিলার শারীরিক অবস্থার কথা জানতে সকলেই উৎসুক। কেমন আছে মেয়েটা? তা জানতে বারবার শুধু সকলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে যাচ্ছে। কিন্তু আশাজনক কিছু খবর মেলেনি। মাঝরাতে পাওয়া খবর অনুযায়ী ঐন্দ্রিলার অক্সিজেন স্যাচুরেশন ক্ষীণ। অক্সিজেন স্যাচুরেশন বাড়িয়েও কোনও লাভ হচ্ছে না।

পয়লা নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা। অস্ত্রোপচারও হয় তাঁর। এরপর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন তিনি। এরই মাঝে গতকাল, বুধবার  হৃদরোগে আক্রান্ত হন ঐন্দ্রিলা। যার জেরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। সিপিআর-এ সাড়া দিলেও অক্সিজেন স্যাচুরেশন কমতে শুরু করে তাঁর।

বাধ্য হয়েই চিকিৎসকরা ভেন্টিলেশনের মাত্রা বাড়ান। তারপরও রক্তে অক্সিজেন কমছে। তবে কোনও একটা ‘মিরাকেল’-এর আশা ছাড়ছেন না সব্যসাচী। তাঁর বিশ্বাস ঐন্দ্রিলা ঠিক সুস্থ হয়ে উঠবেনই। তাঁর জন্য প্রার্থনা করছেন তাঁর অনুগামীরাও। ঠিক আবার সকলের মাঝে ফিরে আসবেন ঐন্দ্রিলা। এখন সকলেই তাঁর সেই কামব্যাকের অপেক্ষায়।

আরও অন্যান্য খবর