এই বছরটা একেবারেই ভালো সময় নয় বলিউডের জন্য। প্রথমেই করোনা পরিস্থিতির কারণে ইন্ডাস্ট্রি থমকে যাওয়া, এরপর একের পর এক তারকার মৃত্যু সংবাদ। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে তোলপাড় হয়ে যায় গোটা বলিউডে। এতকিছু খারপের মধ্যেও একটা ভালো খবর সকলের মন আনন্দে ভরিয়ে তুলল। ক্যানসারের মতো মারণ রোগকে জয় করেছেন সঞ্জয় দত্ত। নিজেই এই খবর টুইট করে জানালেন। ‘
গত ১১ই আগস্ট সঞ্জয় দত্ত জানান যে তিনি সিনেমা ও অন্যান্য কাজ থেকে কিছুদিনের জন্য বিরতি নিচ্ছেন। কিন্তু কারণ হিসেবে কিছু জানান নি অভিনেতা। এরপর জানা যায় ফুসফুসের ক্যানসারে আক্রান্ত তিনি। চতুর্থ স্টেজে রয়েছে তার ক্যানসার। এই খবর চাউর হতেই চারিদিকে সাড়া পরে যায়। এরপর মুম্বই-এর কোকিলাবেন হাসপাতালেই শুরু হয় তার চিকিৎসা। দেওয়া হয় দুটো কেমোথেরাপি। কিছুদিন আগে খবর গুঞ্জন রটে যে, আর নাকি মাত্র ৬ মাস হাতে আছে সঞ্জু বাবার। কিন্তু এই দাবী নস্যাৎ করে দেওয়া হয় তার পরিবারের পক্ষ থেকে।
এরপর আজ নিজের টুইট বার্তায় অভিনেতা লেখেন, “শেষ কয়েকটা সপ্তাহ আমার ও আমার পরিবারের জন্য খুব কঠিন সময় ছিল। তবে যেমন কথাতে আছে ভগবান কঠিন সৈন্যকেই যুদ্ধে পাঠান। আজ আমি আমার সন্তানদের জন্মদিনে খুব আনন্দিত যে আমি এই যুদ্ধে জয়লাভ করতে পেরেছি ও আমার সন্তানদের তাদের সেরা উপহার দিতে পেরেছি”।
নিজের টুইট বার্তায় তিনি কোকিলাবেন হাসপাতালের ডাক্তার ডঃ সেওয়ান্তি ও গোটা মেডিকেল টিমকে ধন্যবাদ জানিয়েছেন। এর সঙ্গে নিজের ভক্তদেরও ধন্যবাদ জানাতে ভোলেন নি অভিনেতা সবসময় তার পাশে থাকার জন্য।
https://twitter.com/duttsanjay/status/1318844135348948993?s=20
প্রসঙ্গত, সম্প্রতি, দুবাই যান সঞ্জয় দত্ত স্ত্রী মান্যতার সঙ্গে। সেখানে নিজের সন্তানদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তখনই মুম্বই এয়ারপোর্টে নিজের এক অনুরাগীর সঙ্গে তোলা একটি ছবি খুব ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। ক্যানসারকে হারানোর পর ফের নিজের পরের ছবি কেজিএফঃ চ্যাপ্টার টু-এর শুটিং-এর প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা। পরের মাসেই শুরু হবে ছবির শুটিং।





