তৃণমূল সাংসদ সায়নী ঘোষের নামে একের পর এক অপমানজনক ও ভিত্তিহীন মন্তব্যের অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত বলে পরিচিত তাপস মণ্ডলকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি। নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, সমস্ত মানহানিকর মন্তব্য তুলে নিতে হবে এবং নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি ৫ কোটি টাকার ক্ষতিপূরণও দাবি করা হয়েছে।
সায়নী জানান, তিনি ডাকযোগে এই নোটিশ তাপস মণ্ডলের বাড়িতে পাঠিয়েছেন। তাঁর অভিযোগ, গত কয়েক দিন ধরে তাপস একাধিক বিস্ফোরক মন্তব্য করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন। শুধু তাই নয়, এর আগেও বারবার তাঁর ব্যক্তিগত জীবন, ফ্ল্যাট কেনা এবং রাজনৈতিক সম্পর্ক নিয়ে প্রকাশ্যে নানা অভিযোগ করেছেন তাপস, যা সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে।
সাংসদের দাবি, এই ধরনের অভিযোগের কারণেই ২০২৩ সালে কেন্দ্রীয় সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল। সে সময় তিনি সম্পূর্ণ সহযোগিতা করে প্রায় ৫০০ পাতার নথি জমা দেন। এরপর আর কখনও তাঁকে ডাকা হয়নি, এবং কোনও দুর্নীতির সঙ্গে তাঁর নাম জড়ায়নি বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, আগে এই ধরনের মন্তব্যকে গুরুত্ব দেননি, কিন্তু এখন বিষয়টি অন্য মাত্রা নিয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের কাছে তাঁর দায়বদ্ধতা রয়েছে। তাই তিনি চান না, তাঁর সম্পর্কে সাধারণ মানুষের মনে কোনও ভুল ধারণা বা সন্দেহ তৈরি হোক।
আরও পড়ুনঃ “শেষ সময়ে আমার সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা করেছিল…রাহুলের ফোন আর ধরা হয়নি” অরুণোদয়ের মৃ’ত্যুর কেটে গিয়েছে তিন মাসেরও বেশি, সেদিন কথা না বলতে পারার আক্ষেপে আজও ভোগেন যিশু সেনগুপ্ত!
সায়নী ঘোষ আরও জানান, তাপস মণ্ডল বারবার একই ধরনের অভিযোগ করছেন, যা তিনি ‘রিপিট অফেন্ডার’-এর আচরণ বলে মনে করছেন। কোনও প্রমাণ ছাড়া এই ধরনের মন্তব্য করা সম্পূর্ণ অনুচিত বলেও তিনি দাবি করেন। নোটিশে বলা হয়েছে, তাপস যদি এই শর্ত না মানেন, তাহলে আইনি পথে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে এবং বিষয়টি আদালতে গড়াবে।






