গুরুতর অসুস্থ অভিনেতা পার্থ সারথি দে (Partha Sarathi Dey)। বাংলা ছবি ও টেলিভিশনের জগতের পরিচিত নাম। গত একমাস ধরে তিনি ভর্তি রয়েছেন কলকাতার এমআর বাঙুর হাসপাতালে। ইন্ডাস্ট্রিতে ৪০ বছর পার করেছেন তিনি। তাঁর অসুস্থতা সকলকে চিন্তায় ফেলেছে। যদিও খবর পাওয়া গেছে তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। জানা গেছে, আগের চেয়ে একটু ভালো আছেন অভিনেতা(Partha Sarathi Dey), চিকিৎসায় সাড়াও দিচ্ছেন তিনি।
অভিনেতা বাপি দাস অভিনেতা পার্থ সারথি দের শারীরিক অবস্থা প্রসঙ্গে বলেছেন, “গত এক মাস ধরে আমি আমার সহকর্মী ও পিতৃস্থানীয় পার্থ সারথি দে-র দেখাশোনা করছি। পার্থদা দীর্ঘদিন ধরেই সিওপিডির সমস্যায় জর্জরিত। তার সঙ্গে বুকে সংক্রমণ এবং নিউমোনিয়া দুটোই ধরা পড়েছে। ভেন্টিলেশনে রয়েছেন।”
অভিনেতা বাপি দাস আরও জানান, “এই মুহূর্তে আমি এবং আর্টিস্ট ফোরাম ছাড়া পার্থদার পাশে কেউ নেই। আর্থিক সাহায্য করছে ফোরাম। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তু কোনওরকম সাড়া পাইনি। চিকিৎসকরা জানিয়েছেন আগের চেয়ে সামান্য ভালো রয়েছেন। লোকজন চিনতে পারছেন। আমি প্রতিদিন সকাল-বিকাল দুবেলা দেখতে যাচ্ছি।”
একসময় দূরদর্শনের মেকআপ আর্টিস্ট বিনীতা দেব বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করেছিলেন অভিনেতা। তাঁদের এক কন্যা সন্তানও রয়েছে। এখন আইনি বিচ্ছেদ হয়ে গিয়েছে দুজনের। পার্থসারথির বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন বিনীতা। সূত্রের খবর, প্রাক্তন স্বামীর অসুস্থতার খবর অজানা নয় তাঁর, তবে বিনীতা বা তাঁর মেয়ে কেউই খোঁজ নেননি। অভিনেতার পরিবারের ব্যাপারে বিশেষ কিছু বলেননি তাঁর তরুণ সহকর্মী বাপি দাস।
একাধিক ছবিতে অভিনয় করেছেন পার্থবাবু। ২০০-র বেশি ছবিতে অভিনয় করেছন। চার দশকেরও বেশি দীর্ঘ তাঁর অভিনয় জীবন। ‘চুনী-পান্না’, ‘জয়ী’, ‘মিঠাই’-এর মতো জনপ্রিয় মেগাতেও নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন প্রবীণ অভিনেতা। তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন সহকর্মীরা। এর আগে ২০২১ সালেও অসুস্থ হয়ে হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেইসময় তিনি করোনা আক্রান্ত হন ।





