সুন্দরের সংজ্ঞা কী? গায়ের ফর্সা রং, স্লিম ফিগার, পাতলা কোমরের ভাঁজ, একটা পারফেক্ট উচ্চতা, ব্যস? এটাই? আচ্ছা, এই মাপটা কে বা কারা নির্ধারিত করে বলুন তো? এই সংজ্ঞা তো সমাজেরই দেওয়া যে তোমার গায়ের রং কালো মানেই তুমি দেখতে খারাপ। কোনও ভালো কিছুর উপর তোমার অধিকার নেই। তুমি মোটা, আর তাই তোমাকে লোকের গঞ্জনা সহ্য করতে হবেই। কিন্তু এবার সময় এসেছে এই ধারণা পাল্টানোর। ফর্সা, স্লিম মানেই সুন্দরী, সেই কনসেপ্ট এখন বিশেষ খাটে না। আর তা আরও একবার প্রমাণ করে দেখালেন অভিনেত্রী বনিতা খরত।
শাহিদ কাপুরের হিট ছবি ‘কবীর সিং’-এ অভিনয় করেন বনিতা। ছবিতে শাহিদ কাপুরের বাড়ির পরিচারিকার ভূমিকায় ছিলেন তিনি। সম্প্রতিই একটি ক্যালেন্ডারের জন্য নগ্ন ফটোশুট করেছেন তিনি। এই শুটের লক্ষ্য বডি পজিটিভিটির জন্য বার্তা ছড়িয়ে দেওয়া।
এই ফটোশুটের জন্য নগ্ন হয়ে পোজ দিয়েছেন বনিতা। তাঁর সামনে কায়দা করে একটি ঘুরি রাখা রয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বনিতা লেখেন, “আমি আমার প্রতিভা, আমার পছন্দ, আমার আত্মবিশ্বাস নিয়ে গর্বিত। কারণ, আমি আমার মতো। আসুন বডি পজিটিভিটির এই প্রয়াসে আমরা সকলে মিলে যোগ দিই”। তাঁর ছবি পোস্ট হতেই বেশ ভাইরাল হয়ে গিয়েছে। এমন সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য অনেকেই তাকে সাধুবাদ জানিয়েছেন। এই প্রয়াসে যে তারা বনিতার সঙ্গেই রয়েছেন, এও জানিয়েছেন তার অনুরাগীরা। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে বনিতা তার এই সাহসী ফটোশুটে নিজেকে সুন্দরী মনে হচ্ছে বলেও জানিয়েছেন।
View this post on Instagram
প্রসঙ্গত, বনিতা খরত মারাঠি বিনোদন জগতের একটি পরিচিত মুখ। ২০১৯ সালে ‘কবীর সিং’ ছবিতে তাঁকে পরিচারিকার ভূমিকায় দেখা যায়। এই ছবিতে শাহিদ কাপুরের কাঁচ ভাঙার একটি দৃশ্যে তাঁর চরিত্রটি বেশ জনপ্রিয় হয়। সেই দৃশ্য নিয়ে বেশ কিছু মিমও তৈরি হয়েছিল। এছাড়াও, ‘মহারাষ্ট্রাচি হাস্য যাত্রা’ ও ‘ভিকি ভেলিংকর’-এর মত বেশ কিছু টেলিভিশন শো ও ছবিতে তাকে দেখা গিয়েছে।





