সপ্তাহ ঘুরতে চলল পর্ণ-কাণ্ডে গ্রেফতার হয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রা। এরপর থেকে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে রাজের সম্পর্কে। আদালতের রায় অনুযায়ী, আপাতত মুম্বই পুলিশের হেফাজতেই রয়েছেন রাজ কুন্দ্রা।
রাজকে সঙ্গে নিয়েই মুম্বইয়ে তাঁর অফিস, বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। গত শুক্রবার রাজকে সঙ্গে নিয়েই তাঁর জুহুর বাংলোতে তল্লাশি চালাতে যান তদন্তকারী অফিসাররা। সেখানে রাজ ও শিল্পাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয় বলে খবর। এর পাশাপাশি দ্বিতীয় দফার তল্লাশিও করা হয়।
রাজের গ্রেফতারির পরই রাজের কোম্পানি ভিয়ান ইন্ডাস্ট্রিক থেকে পদত্যাগ করেন শিল্পা। এরপরই গোয়েন্দাদের সন্দেহের নজরে আসেন অভিনেত্রী, এমনটাই জানা গিয়েছে রাজ-শিল্পার ঘনিষ্ঠমহল সূত্রে। এরপরই প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এই পদত্যাগ? এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই মূলত হাজির হয় পুলিশ।
আরও পড়ুন- ‘খুব গর্ব হচ্ছে আমার’, পরীক্ষা না দিয়েই আইএসসিতে ৯৭.৭৫% পেয়ে পাশ, মেয়ের রেজাল্টে আপ্লুত মীর
এখান থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে তাহলে কী স্বামীর এই পর্ণ বানানোর ব্যবসার কথা জেনে গিয়েছিলেন শিল্পা? তবে জিজ্ঞাসাবাদে শিল্পা বারবার বলেছেন যে ‘হটশটস’ অ্যাপের বিষয়ে তিনি কিছু জানতেন না। স্বামীর সপক্ষে তাঁর যুক্তি যৌন উদ্দীপক ছবি ও পর্ণের মধ্যে ফারাক রয়েছে। তিনি এও দাবী করেন যে তাঁর স্বামী পর্ণ বানাতেন না।
তবে পর্ন প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশনের কাজে ভিয়ান ইন্ডাস্ট্রিজের যুক্ত থাকার কথা বারবার সামনে এসেছে। এইন কারণেই শিল্পার সরে দাঁড়ানোর কারণ খতিয়ে দেখা এবং এই কোম্পানির অর্জিত অর্থ থেকে শিল্পা কখনও কোনওভাবে উপকৃত হয়েছেন কী না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।
এছাড়াও খতিয়ে দেখা হচ্ছে শিল্পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপাতত ২৭শে জুলাই পর্যন্ত আদালতের রায়ে পুলিশি হেফাজতেই থাকবেন রাজ। তবে মনে করা হচ্ছে, তদন্তের প্রয়োজনে এই মেয়াদ হয়ত আরও বাড়বে।






