তৃতীয় বিয়ে ভাঙনের মুখে, এরই মধ্যে নতুন ওয়েব সিরিজ শুরু করলেন শ্রাবন্তী

বর্তমানে নেট দুনিয়ায় কোনও খবর মানেই শ্রাবন্তী। হামেশাই তাঁকে খবরের শিরোনামে থাকতে দেখা যায়। তার তৃতীয় বিয়েও নাকি ভাঙনের পথেই। এই নিয়েই পড়েছে শোরগোল। জানা গিয়েছে, পুজোর আগে থেকেই আলাদা থাকছেন শ্রাবন্তী ও তার স্বামী রোশন। মাঝে একবার অভিনেত্রী জানান, রোশনের মায়ের শারীরিক অসুস্থতার কারণে রোশনকে তার নিজের ফ্ল্যাটে থাকতে হচ্ছে আর এদিকে বাইপাস নিজের ফ্ল্যাটেই আছেন শ্রাবন্তী। কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বলছে অন্য কথা। দেখা গিয়েছে, শ্রাবন্তী ও রোশন, দুজনেই দুজনকে নিজেদের ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন।

এদিকে, আবার শ্রাবন্তী নিজের জিমের ব্যবসা খুলেছেন সম্প্রতি। মধ্যমগ্রামের একটি শপিং মলে কিছুদিন আগেই তিনি নিজের জিমের উদ্বোধন করেছেন। তবে এতো কিছুর মধ্যেও নিজের পেশাকে বজায় রেখেছেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনে যতই ঝড় ঝাপটা আসুক না কেন, নিজের পেশাগত জীবনের সঙ্গে যে তিনি একেবারেই আপোস করতে রাজী নন, তা বোঝা গেল তার নতুন ওয়েব সিরিজের খবর থেকে।

ইতিমধ্যেই, শ্রাবন্তী একটি নতুন ওয়েব সিরিজে অভিনয়ের কাজ শুরু করে দিয়েছেন। এই ওয়েব সিরিজে তার বিপরীতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। তাদের দুজনেরই এটি প্রথম ওয়েব সিরিজ। সোহম-শ্রাবন্তীর জুটি বড় পর্দায় বেশ ভালোই জনপ্রিয়। এই জুটির ছবি বক্স অফিসেও বেশ ভালোই লাভের মুখ দেখেছে। তাই নতুন এই সিরিজেও সোহম-শ্রাবন্তীর রসায়ন একইভাবে দর্শকদের মন জয় করবে বলে আশা রেখেছেন পরিচালক।

প্রথমে এই সিরিজের নাম দেওয়া হয় ‘ইন্টিউশন’ কিন্তু পরে নাম বদলে করা হয় ‘দুজনে’। একটি স্ক্যান্ডেলের কারণে এক দম্পতির জীবনে কীভাবে ভয়ংকর কিছু ঘটনা ঘটতে থাকে, এই নিয়ে চলতে থাকে এই কাহিনী। থ্রিলারে ভরা এই ওয়েব সিরিজ মুক্তি পাবে হইচই প্ল্যাটফর্মে। আগামী বছরই মুক্তি পাবে ‘দুজনে’। এবার ছোটো পর্দার দর্শক সোহম-শ্রাবন্তীর জুটিকে কতটা এগিয়ে রাখে এখন সেটাই দেখার।

আরও অন্যান্য খবর