ছয় মাসে শুধরে যান, না হলে শ্মশানে যেতে হবে: দিলীপ ঘোষ

বাংলায় বিধানসভা ভোটের আর ৬ মাস বাকি। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এখন চরম ব্যস্ততা। নির্বাচনের ডঙ্কা বাজার সঙ্গে সঙ্গেই আক্রমনাত্মক মেজাজে মাঠে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দলগুলিই। কিন্তু সব থেকে বেশি উত্তেজনা টের পাওয়া যাচ্ছে দুটি শিবির থেকে। বাংলার প্রধান বিরোধী দল বিজেপি ও শাসক দল তৃণমূল। এবার এই ভোটের বাজারে রীতিমতো হুমকি দিয়ে বসলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

মেরে হাড়গোড় ভেঙে শুধু হাসপাতালে পাঠানোতেই থেমে থাকলেন না। সোজা শ্মশানে যাত্রার কথাও জানিয়ে রাখলেন। অর্থাৎ প্রকাশ্য সভায় মৃত্যুর হুমকি (death threat) দিলেন দিলীপ। গতকাল অর্থাৎ রবিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় এক জনসভায় দিলীপ নিজের বক্তব্যের মাঝে বলেছেন, “দিদির যে ভাইয়েরা এখনও উৎপাত করছে, মারপিট করছে, তাদের বলছি ছয় মাসে শুধরে যান। তা না হলে হাত পা ভাঙবে, পাঁজর ভাঙবে, মাথা ফাটবে। হাসপাতাল হয়ে বাড়ি যেতে হবে। বেশি বাড়াবাড়ি করলে শ্মশানে যেতে হবে।”

উক্ত জনসভায় রাজ্য বিজেপি সভাপতি আর‌ও বলেন, “দিদির পুলিশ দিয়ে ভোট হবে না। দাদার পুলিশ দিয়ে হবে। খাকি পোশাকের পুলিশকে বুথ থেকে ১০০ মিটার দূরে আম গাছের তলায় চেয়ার পেতে দেওয়া হবে। ওখানে বসে খৈনি খাবে আর ভোট দেখবে। দিল্লি থেকে দাদার পুলিশ আসবে চক্রাবক্রা পোশাক পরে। লাঠি থাকবে, বন্দুক থাকবে।”

বিজেপি নেতৃত্ব মনে করে তৃণমূল কর্মী-সমর্থকরা দলে আসতে চাইলেও ভয়ে আসতে পারছে না। দিলীপ ঘোষ অভয় দিয়ে বলেন, “যারা দলে আসতে চাইছেন পুলিশ কেসের ভয়ে আসতে পারছেন না তাঁরা কয়েকটা মাস অপেক্ষা করুন। দিদির পুলিশের দাঁত ভেঙে দেবে অমিত শাহ। এখন ভিতরে ভিতরে কাজ করে যান।”

RELATED Articles