এমনিতে সঙ্গীতশিল্পী হিসেবে তাঁর নাম ডাক আছে। টলিউডের অনেক সিনেমাতেই গান গেয়েছেন। এমনকি রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেও বেশ জনপ্রিয় ইমন চক্রবর্তী। কিন্তু শেষমেশ বাংলা গান ছেড়ে সিংহলী ভাষার গান গেয়ে বসলেন। ব্যাস, সমালোচনা শুরু।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিংহলী ভাষার গান ‘মানিকে মাগে হিথে’। সাধারণ মানুষ থেকে তারকা সকলের মুখে মুখে এই গান। তবে এবার দাদাগিরির মঞ্চে এসে ‘মানিকে মাগে হিথে’ গাইলেন ইমন চক্রবর্তী। এমন একটি প্রশংসনীয় গানের অবস্থা খারাপ করে দিলেন বাঙালি গায়িকা।
সম্প্রতি জি বাংলায় চালু হয়েছে দাদাগিরি। যেখানে শ্রীকান্ত আচার্য, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য এবং আকৃতি কক্করের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন ইমন চক্রবর্তীও। রবিবার সম্প্রচারিত হয়েছে সেই পর্ব। সেখানকার কিছু টুকরো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার মধ্যে একটি ছিল ইমনের এই গানের ভিডিও। তাঁকে গাইতে দেখা গিয়েছে সিংহলী গান ‘মানিকে মাগে হিথে’। যা শুনে নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে গায়িকাকে।
সেপ্টেম্বর মাসেই শুরু হয়েছে দাদাগিরির নতুন সিজন। যার ট্যাগ লাইন ‘হাত বাড়ালেই বন্ধু হয়’। এমনিতেই দাদাগিরি দেখার জন্য বসে থাকেন দর্শকেরা। বিশেষত দাদাকে টিভির পর্দায় দেখার জন্য মুখিয়ে থাকেন সকলে। গুগলি থেকে শুরু করে দাদার কুইজ সবেতেই মজে যান বাঙালি। যেখানে প্রতিবছরই হাজির হন টলিউডের তারকারা। এদিন সঙ্গীতজগতের তারকারা উপস্থিত হয়েছিলেন দাদাগিরির মঞ্চে। কিন্তু ইমনের এই গান শুনে অনেকে লিখেছেন, “আগে ডে সিলভার গানটা শুনুন। তারপর গাইবেন। গায়িকা হলেই সব গান গাওয়া যায় না।”
আবার একজন লিখেছেন, “মানিকে মাগে হিথে যে এত বাজে গাওয়া যায়, তা আপনারটা না শুনলে বুঝতাম না।” অন্যদিকে নিন্দুকদের মন্তব্যতে গায়িকার অনুরাগীরা বিরোধিতা করেছেন। লেখেন, “কিছু মানুষ আছে যারা ইমন দিদির সমালোচনা করার জন্যই লেগে থাকেন। তাঁরা এইসব কমেন্ট করে চলেছেন।” কারোরই অজানা নয় যে আমাদের সকলের প্রিয় দাদা সঙ্গীতপ্রেমী।
এদিন সঙ্গীতজগতের তারকাদের উপস্থিতিতে ইমনকে পল্লীগীতির সঙ্গে মিলিয়ে সিংহলী লোকগীতি গাইতে শোনা গেল। কিন্তু তাঁর গান শুনে চক্ষুচড়কগাছ হয়েছে নেটিজেনদের অনেকেরই।





