শচীন-কোহলির ব্যাট সারাইয়ের কারিগর হাসপাতালে, বিল মেটাতে নাজেহাল পরিবারের পাশে দাঁড়ালেন সোনু সুদ

তিনি অন্তরালে থাকতে পছন্দ করেন অথচ তার জাদুতেই রানের পাহাড় গড়েন শচীন থেকে বিরাট থেকে রোহিত। তাঁর নাম আশরাফ চৌধুরী। শচীন-বিরাট-রোহিতদের প্রিয় ‘আশরাফ ভাই’। শুধু ভারতীয় দলের ক্রিকেটাররা নয়, অন্যান্য বাকি দেশের ক্রিকেটাররাও তাঁকে অত্যন্ত শ্রদ্ধা করেন। ক্রিকেটারদের টুকটাক ব্যাট সারাইয়ের কাজ তিনিই করে থাকেন।

কিন্তু প্রয়োজনের সময় তাঁর পাশে দাঁড়ালেন না কোনও ক্রিকেটারই। ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হলেন সেই সোনু সুদ। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের অনতিদূরেই রয়েছে আশরাফের দোকান – ‘M Ashraf Bros’। সে দোকানও বন্ধ বেশ কিছু মাস ধরে। এরই মাঝে চূড়ান্ত শরীর খারাপ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। ডাক্তারেরা জানান, আশরাফের কিডনিতে স্টোন রয়েছে। যত দ্রুত সম্ভব তার অপারেশন করতে হবে। আশরাফেরই এক ঘনিষ্ঠ বন্ধু জানান যে, ২ লক্ষ টাকা জোগাড় হলেও দরকার আরও অর্থের।

আশরাফের এই দুরাবস্থার কথা টুইটারে জানিয়ে সাহায্য প্রার্থনা করে সংবাদমাধ্যম menxp। দুদিন আগে নবীন নামে এক টুইটার ব্যবহারকারী সেই টুইটটি শেয়ার করে ট্যাগ করেন সোনু সুদকে। উত্তরে সোনু লেখেন, ‘এই ভাইয়ের ঠিকানা খোঁজার চেষ্টা করছি।’ স্বাভাবিকভাবেই এই ঘটনায় ফের প্রশংসার বন্যা বইয়েছেন নেটিজেনরা।

এবার আশরাফ সম্বন্ধে কিছু তথ্য জানানো যাক। মুম্বাইয়ে বসবাসকারী আশরাফ ভাই ক্রিকেটারদের অন্যতম রক্ষাকর্তা। তাঁর ব্যাট সারাই এর তালিকায় শচীন তেন্ডুলকর, ওয়াসিম জাফর বা আকাশ চোপড়া থেকে বীরেন্দ্র শেওয়াগ, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া থেকে বিরাট কোহলি, রোহিত শর্মারা রয়েছেন। তাঁকে একটা ফোন করার অপেক্ষা, তিনি হাজির হয়ে যান ক্রিকেটারদের কাছে।

এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার এবং আইপিএলে অন্যতম সদস্য ক্রিস গেইলের ব্যাট খারাপ হলেই ফোন যায় আশরাফের কাছে। তিনি ভারতে এলেই এমনিই একবার দেখা করতে যান আশরাফ ভাইয়ের সঙ্গে। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথও বেশ কদর করেন আশরাফের। তিনিও ব্যাটের খুঁটিনাটি সারাইয়ে আশরাফেরই সাহায্য নিয়ে থাকেন।

একটা অভূতপূর্ব ঘটনা শেয়ার করা যাক। একবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সঙ্গে সংঘাত বেঁধেছিল সে দেশের ক্রিকেট বোর্ডের। আর্থিক অভাবের কারণে ক্রিকেটারদের সঙ্গে চুক্তি ভঙ্গ করতে বাধ্য হয়েছিল বোর্ড। সেই সময় ত্রাতা হিসেবে উপস্থিত হয়েছিলেন আশরাফ ভাই। ভারত থেকে আশরাফ চৌধরী নামের মানুষটি ১৬টি ব্যাট ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য পাঠিয়ে দিয়েছিলেন। এমনকী কোনও টাকা তিনি প্রাথমিক ভাবে দাবি করেননি।

তাই এহেন আশরাফ ভাইয়ের অবমাননা মেনে নিতে পারেননি সোনু সুদ। প্রতিভাকে চিরকাল দাম দিয়ে আসা এই প্রতিভা তাই আরেকবার পাশে দাঁড়ালো আশরাফ ভাইয়ের মতো জরুরি মানুষের।

আরও অন্যান্য খবর