সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের জের, মীরাক্কেলের বিচারক আসন থেকে ছাঁটাই হলেন শ্রীলেখা মিত্র

বাংলায় কমেডি রিয়ালিটি শো বলতে প্রথমেই মনে আসে মীরাক্কেল এর নাম। জি বাংলায় সম্প্রচারিত এই রিয়ালিটি শো ইতিমধ্যেই নয়টি সিজন সম্পূর্ণ করে ফেলেছে। ইতিমধ্যেই দশম সিজনের শুরু হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা বন্ধ রয়েছে। তবে এবার শোনা যাচ্ছে অন্য খবর। বিচারকদের আসন থেকে বাদ পড়তে চলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)! যা নিয়ে অভিনেত্রী স্বয়ং মুখ খুলেছেন।

পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশের মাটিতে ও প্রবল জনপ্রিয় মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার (Mirakkel Akkel Challenger)। এই শোয়ের অন্যতম আকর্ষণ হলেন সঞ্চালক মীর। অনেকেরই ধারণা মীরাক্কেলের নাম দেয়া হয়েছে মীরের নাম অনুসারেই। সেই সঙ্গে দীর্ঘ সময় ধরে এই শোয়ে বিচারক হিসেবে দেখা যেত পরাণ বন্দ্যোপাধ্যায়, রজতাভ দত্ত এবং শ্রীলেখা মিত্রকে। এরাও দর্শকদের মধ্যে রীতিমতো জনপ্রিয় ছিলেন। কিন্তু এবার মীরাক্কেলের দশম সিজন শুরু হতে চলেছে শ্রীলেখাকে ছাড়াই!

ক্ষুব্ধ শ্রীলেখা জানিয়েছেন, তিনি নিজে এই শো থেকে সরে যাননি। তাঁকে বাদ দেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। কারণ সম্প্রতি তিনি টলিউডের স্বজনপোষণ এবং অন্যান্য বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে নিজের প্রতিবাদ জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তারই ‘শাস্তি স্বরূপ’ তাঁকে মীরাক্কেলের বিচারক আসন থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন শ্রীলেখা।

এই প্রসঙ্গে তিনি বলেছেন, “জনপ্রিয় কমেডি শো আমাকে ছাড়াই শুরু হতে চলেছে। সত্য বলার জন্য আমায় এই শাস্তি পেতে হল।” তাঁর মতে, এই সিস্টেমটা তেল দেওয়া সিস্টেম হয়ে গিয়েছে। তিনি তেল দিতে পারেননি তাই তাঁকে সরে যেতে বাধ্য করা হলো। সেই সঙ্গে তিনি এও বলেছেন যে, যেসব মানুষ ছিলে তাঁকে অপছন্দ করেন তাঁরা এবার তাঁর ব্যর্থতা উদযাপন করতে পারেন।

বরাবরই নিজেকে ভাবধারায় লালন-পালন করেছেন শ্রীলেখা। ৩০টির বেশি পূর্ণ দৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র। বড় পর্দায় তাঁর অভিনয় জীবন শুরু হয়েছিল ‘বাবা কেন চাকর’ ছবির মধ্য দিয়ে। ১৯৯৮ সালে মুক্তি পায় ছবিটি। এরপরে আরও অনেক ছবিতে নায়িকার ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু সেই সময় অতটা জনপ্রিয়তা না পেলেও এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। এছাড়াও সম্প্রতি তিনি যেভাবে ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনেছেন তা রীতিমতো বিস্ফোরক। টলিউডের তাবড় তাবড় মুখদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য তিনি সমর্থনও কুড়িয়েছেন নেটিজেনদের। তবে সেই মুখ খোলার ফল যে ভালো হলো না তা বর্তমানে হাড়ে হাড়ে টের পাচ্ছেন এই প্রতিভাময়ী অভিনেত্রী।

RELATED Articles

Leave a Comment