শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন না তিনি। চিকিৎসকদের পাওয়া খবর অনুযায়ী, সৌমিত্রের অবস্থা এখন নিয়ন্ত্রণের বাইরে। শনিবার সকাল থেকে বিকেলের মধ্যে তাঁর অবস্থার আরও অবনতি হয়েছে। এই বিষয়ে অভিনেতার পরিবারকেও খবর দেওয়া হয়েছে।
পরিস্থিতি প্রায় হাতের বাইরে। এখন কোনওরকম অলৌকিক কিছু ঘটার অপেক্ষায় রয়েছেন চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেতার মস্তিষ্ক প্রায় অচল। তবে তা ব্রেন ডেথ কী না, এ বিষয়ে এখনই কিছু জানানো হয়নি চিকিৎসক মহল থেকে। তবে তাঁর একাধিক অঙ্গপ্রত্যঙ্গ অচল হয়ে পড়েছে বলে খবর মিলেছে।
চিকিৎসক অরিন্দম কর জানান, “বিভিন্নভাবে লাইফ সাপোর্ট দিয়ে তাঁর অবস্থার সামাল দেওয়ার চেষ্টা চলছে। পরিস্থিতি অত্যন্ত জটিল। ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও কোনও উন্নতি লক্ষ্য করা যায় নি। এবার কোনও ‘মিরাকেল’-এই ভরসা”।
সৌমিত্র’র শরীরে প্রয়োজনের তুলনায় অক্সিজেন মাত্রা অনেকটাই কম। অক্সিজেন সাপোর্ট দেওয়া হচ্ছে তাঁকে। ১০০ শতাংশ ফেডারেশন সাপোর্টে রাখা হয়েছে। কিন্তু ডায়ালিসিস বা প্লাজমা থেরাপি সেভাবে আর কাজ করছে না। দিন তিনেক আগেই তাঁর শ্বাসনালীতে অস্ত্রোপচার করা হয়। তা সফলও হয়েছিল। তখনও অঙ্গপ্রত্যঙ্গ ভালোই কাজ করছিল তাঁর, কিন্তু দুর্বল ছিলেন অভিনেতা। অস্ত্রোপচারের পর প্লাজমা থেরাপিও হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে কোনও চিকিৎসাতেই সাড়া দিচ্ছেন না বাঙালীর প্রিয় ফেলুদা।





