ধীরে ধীরে সুস্থতার পথে সৌমিত্র চট্টোপাধ্যায়, সারা দিচ্ছেন চিকিৎসায়, শুনছেন রবীন্দ্র সঙ্গীত

গত কয়েকদিন তন্দ্রাচ্ছন্ন থাকার পর অবশেষে সাড়া দিচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বর্ষীয়ান অভিনেতার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে আগেই। এরপরই শারীরিক অবস্থার ধীরে ধীরে সামান্য উন্নতি হতে থাকে তাঁর। করোনা মুক্ত হওয়ার পর থেকেই চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। নতুন করে জ্বর না আসায় কিছুটা স্বস্তিতে চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রের খবর, কিছুটা কথা বলারও চেষ্টা করছেন অভিনেতা। তবে এখনও তাঁকে আইটিইউ-তেই রাখা হয়েছে। কমেছে বাইপ্যাপ সাপোর্টের প্রয়োজন। করোনা চিকিৎসায় দু’বার প্লাজমা থেরাপি হয়েছে। শরীরে সোডিয়াম, পটাশিয়ামের মাত্রা সঠিক থাকলেও চ্যালেঞ্জ এখনও ইউটিআই। তাঁর অবস্থার উন্নতির জন্য তাঁকে মিউজিক থেরাপি দেওয়া হচ্ছে। শুনছেন রবীন্দ্র সঙ্গীত। অভিনেতার নিজের ছবির গানও শোনানো হচ্ছে তাঁকে। আজ ফের তাঁর নানা রকমের শারীরিক পরীক্ষা করা হবে।

প্রসঙ্গত, গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গত শুক্রবার তাঁর অবস্থার অবনতি হয়। বুধবার করোনা রিপোর্ট নেগেটিভ এলে তারপর থেকে ধীরে ধীরে সুস্থতার পথে রয়েছেন তিনি। গত ২৪ ঘণ্টায় তাঁর অবস্থার উন্নতি হয়েছে। অভিনেতার শরীরে ইনফেকশন কমায় আশার আলো দেখছেন চিকিৎসকেরা। আগামী দু-তিন দিকে তাঁর অবস্থার আরও উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।

RELATED Articles