প্রেমে রাগ-অভিমান, ঝগড়া লেগেই থাকে। কিন্তু সম্পর্কে টানাপড়েনের জেরে জটিলতা বাড়তে থাকে। কিন্তু সেই জটিলতার হিসেব যে এভাবে মেটাতে হবে তা হয়ত কোনওদিন ভাবতেও পারেনি বছর ১৭-এর সুচিত্রা। সম্পর্ক শেষ হয়ে যাওয়ায় প্রেমিকার গলায় ছুড়ি চালিয়ে নিজেও আত্মহত্যা করার চেষ্টা করল এক যুবক।
ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে। প্রেমিকের নাম অসীম ঝুলকি, প্রেমিকা সুচিত্রা। মেয়েটির পরিবারের সূত্রে জানা গেছে পাশের গ্রাম কুম্ভচকের বাসিন্দা অসীমের সঙ্গে তাদের মেয়ে সুচিত্রার প্রেমের সম্পর্ক বছর খানেকের। কিন্তু মেয়েটির পরিবার থেকে এই সম্পর্ক মেনে নেওয়া হয়নি। বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ মেয়েটি টিউশন থেকে বাড়ি ফেরার সময় তার পথ আটকায় অসীম। তার মোবাইল কেড়ে নেয় বলেও অভিযোগ। এরপর মেয়েটি বাড়ি ফিরে এই কথা জানায়। তার বাড়িতে অসীম ফোন করে তার মোবাইল ফেরত নিয়ে যেতে বলে। অসীমের কথা মতোই সুচিত্রা অসীমের বাড়ি যায়। এই সময় বচসা শুরু হয় দুজনের। এরপরই অসীম সুচিত্রার গলায় ছুড়ি চালায়। মাটিতে লুটিয়ে পড়ে সে। প্রেমিকার গলায় ছুড়ি চালিয়ে নিজের গলাতেও ছুড়ি চালায় অসীম।
রক্তাক্ত অবস্থাতেই ঘটনাস্থল থেকে ১০০ মিটার দূরে মেয়েটির বাড়ি যায় অসীম, সেখানে সব ঘটনা জানায় মেয়েটির পরিবারকে। এরপরই দুজনকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। তবে মেয়েটির অবস্থা আরও বেশী খারাপ।
এদিকে অসীমের পরিবারের দাবী, কর্মসূত্রে ভিন রাজ্যে থাকে অসীম। লকডাউনের কারণে বাড়ি এসেছিল। শুক্রবার তার ফিরে যাওয়ার কথা। প্লেনের টিকিটও কাটা রয়েছে। দীর্ঘদিন ওদের দুজনের মধ্যে কোনওরকম যোগাযোগ ছিল না। সুচিত্রাই তাদের ছেলেকে ডেকে পাঠায় বলে অভিযোগ করেছে অসীমের পরিবার। জানাজানি হওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।






