হঠাৎ কেন দেব হতে চাইছে ‘জগদ্ধাত্রী’র সয়ম্ভু, সৌম্যদীপ মুখোপাধ্যায়? দায়িত্বশীল পুলিশ অফিসার থেকে গুন্ডা ‘রাজা’, ছোটপর্দার দর্শকদের মন জিততে নিজেকে কীভাবে পাল্টে ফেললেন নায়ক?

ছোটপর্দার দর্শকদের কাছে সৌম্যদীপ মুখোপাধ্যায় মানেই ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের দায়িত্বশীল পুলিশ অফিসার সয়ম্ভু। তবে এবার সেই পরিচিত ইমেজ ভেঙে একেবারে অন্য রূপে ধরা দিতে চলেছেন তিনি। নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-তে তাঁকে দেখা যাবে ‘রাজা’ চরিত্রে, যিনি এলাকার দাপুটে যুবক হলেও অন্যায়ের বিরুদ্ধে সরব। ধারাবাহিকের নতুন প্রচার ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। বিশেষ করে তাঁর সংলাপ বলার ভঙ্গি এবং লুক অনেকেরই মনে করিয়ে দিয়েছে জনপ্রিয় ছবি ‘খাদান’-এর কিছু মুহূর্তকে।

প্রচার ঝলকে দেখা গিয়েছে, গোঁফ দাড়িতে একেবারে নতুন লুকে হাজির হয়েছেন সৌম্যদীপ। শুধু তাই নয়, একটি গানের দৃশ্যে দু’হাত ছড়িয়ে দাঁড়ানোর ভঙ্গিতে অনেকেই খুঁজে পেয়েছেন বলিউড তারকা শাহরুখ খানের পরিচিত স্টাইলের ছাপ। তবে এই বিষয়ে অভিনেতার বক্তব্য, তিনি আলাদা করে কোনও ছবির দৃশ্য অনুসরণ করেননি। পরিচালকের নির্দেশ মেনেই চরিত্রটিকে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন। তাঁর কথায়, দর্শকদের ভালোবাসাই প্রমাণ করছে যে প্রচার ঝলকটি ইতিমধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন: “ওর নিথ’র দে’হ দেখে মনে হচ্ছিল…” চার বছর পরেও অমলিন স্মৃতি! কেকে-কে নিয়ে আবেগঘন স্মৃতিচারণে সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়!

পুলিশ অফিসারের চরিত্র থেকে একেবারে ভিন্ন মেজাজের চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে খুশি সৌম্যদীপ। যদিও তাঁর মতে, রাজা চরিত্রটি শুধুই পাড়ার মস্তান নয়। অন্যায়কারীদের বিরুদ্ধে দাঁড়ানো এবং এলাকার মানুষকে রক্ষা করাই তার মূল কাজ। সেই দিক থেকে চরিত্রটির সঙ্গে আগের সয়ম্ভুর কিছু মিল রয়েছে। তবে এবার শুরু থেকেই প্রচুর অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাঁকে। ধারাবাহিকের জন্য বিশেষভাবে শারীরিক প্রস্তুতিও নিয়েছেন অভিনেতা। চেন্নাই থেকে আসা ফাইট মাস্টারের তত্ত্বাবধানে অ্যাকশন দৃশ্যগুলিকে আরও বাস্তব করে তোলার চেষ্টা হয়েছে।

নতুন ধারাবাহিকে আরেকটি বড় চমক হল নায়িকার পরিবর্তন। এবার সৌম্যদীপের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী স্বস্তিকা ঘোষকে। ধারাবাহিকে তিনি অভিনয় করছেন স্নেহা চরিত্রে। স্বস্তিকার অভিনয় ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। ফলে এই নতুন জুটিকে ঘিরেও প্রত্যাশা তৈরি হয়েছে। দর্শকদের একাংশের মতে, নতুন রসায়ন ধারাবাহিকটিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারে। অন্যদিকে নির্মাতারাও গল্পে নতুনত্ব আনার জন্য এই জুটির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

বাস্তব জীবনে প্রেমের গুঞ্জন নিয়ে প্রশ্ন উঠলেও আপাতত সে বিষয়ে মুখ খুলতে নারাজ সৌম্যদীপ। অভিনেতার কথায়, এখন তাঁর সমস্ত মনোযোগ নতুন ধারাবাহিককে ঘিরেই। শুটিং এবং চরিত্রের প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় কাটছে। তাই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভাবার সময় এই মুহূর্তে নেই বলেই জানিয়েছেন তিনি। আগামী ১ জুন থেকে জি বাংলার পর্দায় শুরু হতে চলেছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। নতুন চরিত্রে সৌম্যদীপকে দেখার জন্য ইতিমধ্যেই মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা।

আরও অন্যান্য খবর