অবশেষে বাঙালির অতি কাঙ্খিত ইচ্ছে হতে চলেছে পূরণ। অনেকেই আশায় বসে ছিলেন কবে তৈরি হবে তাঁকে নিয়ে কোনো সিনেমা। খেলা দুনিয়ার বেশকিছু মহারথীদের নিয়ে ইতিমধ্যেই অনেক ছবি তৈরি হয়েছে। কিন্তু বাঙালির কাছে তো তিনিই সব থেকে শ্রেষ্ঠ। তাঁর চিৎকারে গোটা ইডেন গার্ডেন্স কেঁপে ওঠে। তাঁর একটি নাম কানে এলেই, মাথার মধ্যে খেলতে শুরু করে অনেক কিছু। তিনি বাঙালির গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়। লর্ডসের মাঠে দাদার সেই জার্সি ওড়ানোর কথা এখনও মানুষের মনে রয়ে গিয়েছে। গোটা দেশের কাছে তিনি এক দৃষ্টান্ত। এবার তাঁকে ঘিরে সমস্ত কিছু দেখা যাবে টিভির পর্দায়। খুব শীঘ্রই আসতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। ইতিমধ্যেই তার দিন গুনছেন সকলে।
আজই অফিসিয়ালি সমস্ত কিছু জানানোর কথা রয়েছে। দাদার বায়োপিক নিয়ে ক্রিকেটপ্রেমী ছাড়াও সকলের মনেই একটা আলাদা উৎসাহ রয়েছে। বেহালার ছেলের স্বপ্ন পূরণের কাহিনী থেকে শুরু করে তাঁর স্ট্র্যাগল, হার না মানা মনোভাব, গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে বেবাকি আচরণ, দলের শ্রেষ্ঠ অধিনায়ক, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের অধিকার নিজের হাতে নেওয়া সমস্তটাই দেখা যাবে এবার রুপোলি পর্দায়। তিনি প্রথম কোনো বাঙালি যার জীবদ্দশায়, তাঁকে নিয়ে বায়োপিক হতে চলেছে। জানা গিয়েছে ‘লাভ ফিল্মস’-এর প্রযোজনায় আসতে চলেছে এই সিনেমা।
কর্ণধার লাভ রঞ্জন ও অঙ্কুর গর্গ। অফিশিয়ালি সমস্ত কিছু জানানো হলে অভিনেতা-অভিনেত্রী সহ সমস্ত কলাকুশলীদের নির্বাচন করা শুরু হবে। ভারতের প্রাক্তন অধিনায়কের বায়োপিক বানানোর জন্য বসে ছিলেন অনেকেই। প্রথম উদ্যোক্তা তাঁর দীর্ঘদিনের বন্ধু ও প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় দাস। এছাড়া অনেক প্রযোজক-পরিচালক তাঁর কাছে এসেছেন, তাঁর বায়োপিক বানানোর জন্য। কিন্তু কোনোভাবেই প্রথমে তাঁকে রাজি করানো যায় নি। এবার শেষমেষ হার মানতে হলো তাঁকে। বুধবার সংবাদমাধ্যমের কাছে সঞ্জয় দাস জানিয়েছেন, মহারাজের বায়োপিকে তাঁর চরিত্রের জন্য বিশেষভাবে নজর দেওয়া হয়েছে রণবীর কাপুর ও হৃত্বিক রোশনের দিকে।
পাশাপাশি এই মুহূর্তে তাঁর চরিত্রের সঙ্গে চর্চা চলছে তাঁর স্ত্রীর চরিত্র নিয়েও। কে অভিনয় করবেন সৌরভ গাঙ্গুলী স্ত্রী ডোনার চরিত্রে? তা নিয়ে জোর সমালোচনা চলছে চারিদিকে। তবে এখনও পর্যন্ত কোন নামই সামনে আসেনি। অফিশিয়াল ভাবে সমস্ত কিছু জানানোর পর বাকি কাজ শুরু হবে।
কপিল দেব থেকে শুরু করে ক্যাপ্টেন কুল এমএস ধোনির বায়োপিক হয়েছে। সকলেরই আশা ছিল সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে। বহুবার গুজব রটেছে, হ্যাঁ করে দিয়েছে নিজের বায়োপিকের জন্য দাদা। কিন্তু তারপরেই আর কোনও খবর পাওয়া যায়নি। অনেকেই তাঁকে নিয়ে বায়োপিক করতে চেয়ে ছিলেন। যেখানে নাম রয়েছে একতা কাপুরেরও। কিন্তু কোনও কারণে সেই সময়ে সম্মতি দেননি দাদা। শেষমেষ বহু প্রচেষ্টার পর দাদার সম্মতিতে, খুব শীঘ্রই মহারাজের জীবন কাহিনী টিভির পর্দায় দেখতে পাবে তাঁর ভক্তকুল-সহ গোটা ভারতবাসী।





