সেলেব দুনিয়ার চাকচিক্য সবসময় আলোচনার কেন্দ্রে থাকলেও, মাঝে মধ্যেই বিতর্কের ছায়াও নেমে আসে তারকাদের জীবনে। ঠিক যেমনটি ঘটল এই সপ্তাহের শুরুতে। বড় পর্দার জনপ্রিয় মুখ, তাঁদের অভিনয় দিয়ে দর্শকের হৃদয় জিতে নেওয়া চার দক্ষিণী তারকা আচমকাই আইনি জটিলতার মুখে পড়লেন। এমন ঘটনা শুধুই তাঁদের পেশাগত জীবনে নয়, প্রভাব ফেলতে চলেছে ব্যক্তিজীবনেও।
অবৈধ অনলাইন বেটিং এবং গেমিং প্ল্যাটফর্মের হয়ে প্রচারে নাম জড়িয়েছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির চার জনপ্রিয় অভিনেতার। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর দাবি, এই তারকারা বেআইনি বেটিং অ্যাপের প্রচারে যুক্ত ছিলেন, যা আর্থিক তছরুপের সঙ্গে সম্পর্কযুক্ত। অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। আর সেই তদন্তের অংশ হিসেবেই জারি হয়েছে সমন।
খবরে প্রকাশ, ইডির তরফ থেকে হাজিরার নির্দেশ পাঠানো হয়েছে বিজয় দেবেরাকোন্ডা, রানা দগ্গুবতী, প্রকাশ রাজ এবং মাঞ্চু লক্ষ্মীকে। নির্দিষ্ট দিন অনুযায়ী তাঁদের হাজিরা দিতে হবে তদন্তকারী আধিকারিকদের সামনে। ২৩ জুলাই ডাকা হয়েছে রানা দগ্গুবতীকে, ৩০ জুলাই প্রকাশ রাজ, ৬ অগস্ট বিজয় দেবেরাকোন্ডা এবং ১৩ অগস্ট মাঞ্চু লক্ষ্মী হাজিরা দেবেন বলে জানা গিয়েছে।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই চার তারকার বিরুদ্ধে আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের আওতায় ‘ইসিআইআর’ (Enforcement Case Information Report) নথিভুক্ত করা হয়েছে। শুধু তারকারাই নন, তদন্তের আওতায় আনা হয়েছে ২৯ জন অভিনেতা, ইনফ্লুয়েন্সার ও কনটেন্ট ক্রিয়েটরকেও। অভিযোগ, সকলেই বেআইনি অনলাইন বেটিং অ্যাপের প্রচারে যুক্ত ছিলেন।
আরও পড়ুনঃ Election Commission : ‘নাগরিক না হলে ভোটও না’—হলফনামায় বিস্ফোরক নির্বাচন কমিশন, বাতিল হতে পারে বহু ভোটার পরিচয়!
তেলঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের একাধিক থানায় দায়ের হওয়া FIR-এর ভিত্তিতেই তৈরি হয়েছে ইসিআইআর। যেমন পাঞ্জাগুট্টা, মিয়াপুর, সূর্যপেট, বিশাখাপত্তনম ও সাইবারাবাদের বেশ কিছু পুলিশি অভিযোগ অনুসন্ধানে রয়েছে। ইডির নজরে রয়েছেন আরও কয়েকজন – অভিনেত্রী নিধি আগরওয়াল, প্রণীতা, শ্রীমুখী এবং শ্যামলার নামও উঠে এসেছে। এখন দেখার বিষয়, এই তলব কোন পথে মোড় নেয় এবং ভবিষ্যতে এই তারকাদের কেরিয়ারে এর প্রভাব কতটা পড়ে।





