পথকুকুরদের প্রতি যে তাঁর আলাদাই টান কাজ করে, তা মোটামুটি সকলেরই জানা। এবার এই কারণেই নিজের আবাসনে নিগ্রহ হতে হল অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে। সোশ্যাল মিডিয়ায় এমন অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়েন তিনি। জানান পথকুকুরদের ভালোবাসার জন্য আবাসনেই তাঁকে চূড়ান্ত হেনস্থা করা হয়েছে।
কিছুদিন আগেই বাবাকে হারিয়েছেন অভিনেত্রী। সেই শোক এখনও কাটাতে পারেন নি তিনি। আর এরই মধ্যে পথকুকুরদের স্নেহ-যত্ন করার জন্য নিজের আবাসনে নিগ্রহ হতে হল তাঁকে। ফেসবুকে এই নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন শ্রীলেখা।
কান্নায় ভেঙে পড়ে অভিনেত্রী অভিযোগ করেন যে তিনি অপ্রিয় স্ত্য কথা বলেন, তাই তিনি অনেকেরই অপছন্দের। রাস্তার কুকুরদের হয়ে কথা বলেছেন বলে এক মহিলা তাঁকে পাগল বলেছেন। অভিনেত্রী জানান যে এমনভাবে প্রতি মুহূর্তে হেনস্থা তিনি আর মেনে নিতে পারছেন না।
এই ফ্ল্যাটটি অনেক কষ্টে কিনেছেন শ্রীলেখা। তাঁর মেয়ে ও মাসি ছাড়া তেমন আর কেউ এই ফ্ল্যাটে আসা-যাওয়া করেন না। পথকুকুরদের খুবই ভালোবাসেন তিনি। আর তাতেই আবাসনের কিছু বাসিন্দাদের আপত্তি। অভিনেত্রী জানান যে তিনি তাদের জানিয়েছেন যে কুকুরদের তিনি স্নেহ করেন, তাদের প্রত্যেকের টিকা দেওয়া রয়েছে। কিন্তু তা সত্ত্বেও বাসিন্দাদের অভিযোগ, এই পথকুকুরদের কারণে নাকি ভাইরাস ছড়াচ্ছে।

শ্রীলেখা এই ভিডিওতে বলেন যে তিনি একজন শিল্পী এবং স্পর্শকাতর মানুষ। এই কারণে এরকম হেনস্থা তিনি আর নিতে পারছেন না। তিনি এও জানান যে এই ফ্ল্যাটটি তাঁর খুব প্রিয়। কিন্তু তবুও সেই ফ্ল্যাট বিক্রি করতে চাইছেন। কারণ ভবিষ্যতে তাঁর বাড়ির সামনে ময়লা ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে।
অভিনেত্রী জানান যে তাঁর সহ্যের সীমা পেরিয়ে গিয়েছে। এই কারণেই তিনি এই ফ্ল্যাটটি বিক্রি করে দিতে চান বলে জানান অভিনেত্রী। শ্রীলেখার কথায়, “প্রতিদিন একা একা এই লড়াই করতে পারছি না। নেগেটিভিটি নিয়ে বাঁচতে পারছি না”।






