মীরাক্কেলের বিচারক আসনে এবার বসতে চলেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়! সম্প্রতি হাওয়ায় ভাসছে এরকমই এক খবর। দিন কয়েক আগেই সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল একটি খবর, যেখানে শ্রীলেখা মিত্র বিস্ফোরক মন্তব্য করেছিলেন যে, তিনি যেহেতু টলিউডের অনেক বড় মুখের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তাই তাকে এবার মীরাক্কেল বিচারকের আসন থেকে সরিয়ে দিচ্ছে! সোমবার রাতে শ্রীলেখা ফেসবুকে পোস্ট করেন, “সবচেয়ে জনপ্রিয় কমেডি শো শুরু হতে চলেছে আমাকে ছাড়া। সত্যি কথা বলবার এই মূল্যটাই দিতে হয় আমাকে, ব্র্যান্ডের প্রতি একনিষ্ঠ থাকা কিংবা সিস্টেমের সব অংশগুলোতে তেল না দেওয়ার চরম মূল্য। ধন্যবাদ সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষকে।” তাঁকে যারা অপছন্দ করেন তাঁদের এই খবর উদযাপন করার পরামর্শও দেন অভিনেত্রী। সেখানে স্বস্তিকাকে মীরাক্কেলের বিচারক আসনে দেখা গেলে গোটা ঘটনাটি যে অন্য দিকে মোড় নেবে তা বলাই বাহুল্য কারণ শ্রীলেখা বনাম স্বস্তিকার লড়াই কারোরই অজানা নয়।
টলিউডের স্বজনপোষণের অস্তিত্ব নিয়ে শ্রীলেখা কিছুদিন আগেই মন্তব্য করেছিলেন, “ঋতু-বুম্বার প্রেম ছিল বলে নায়িকার চরিত্রে কাজ পাইনি আমি”। এরপর তার এই মন্তব্যের বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দেন স্বস্তিকা। নিজের খামতি ঢাকতে এভাবে স্লাটশেমিং করে অন্য অভিনেত্রীদের অপমান করার কোনও অর্থ নেই, নামোল্লেখ না করে পোস্ট দিলেও স্বস্তিকার ইঙ্গিত যে শ্রীলেখার দিকেই ছিল তা বুঝতে কারোর অসুবিধা হয়নি।
তবে শুধু স্বস্তিকা শুধু নয়, শোনা যাচ্ছে বিচারকের আসনে দেখা যেতে পারে নুসরত জাহান কিংবা পাওলি দামকেও।এই তিন নায়িকার সঙ্গেই কথাবার্তা চলছে তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। শ্রীলেখা নিজের টাইমলাইনে এই খবরের লিঙ্কই শেয়ার করেছেন।
যদিও শ্রীলেখার এই অভিযোগ নিয়ে এখনও কোনওরকম মন্তব্য করেনি চ্যানেল কর্তৃপক্ষ। মীরাক্কেলের দশম সিজন নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করা হয়নি। তবে শ্রীলেখা আর মীরাক্কেল সমার্থক, সেখানে শ্রী-হীন মীরাক্কেল হলে তা যে খুব সুশ্রী রূপ নেবে না একথা স্পষ্ট আন্দাজ করা যাচ্ছে।





