এবার বড় পর্দায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রূপে টোটা! ‘এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র’-র প্রথম ঝলকেই চমক! সৃজিতের পুজোর ছবিতে, সব্যসাচী ও আবির কে কোন ভূমিকায়?

গত বছরই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন তাঁর নতুন ছবি ‘এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র’-এর কথা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পথের দাবী’ থেকে অনুপ্রাণিত এই ছবিকে ঘিরে তখন থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়। কিছুদিন আগে ছবির অভিনয়শিল্পীদের নাম প্রকাশ করেছিলেন পরিচালক। পরে সামনে আসে ছবির পোস্টারও। এবার প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক। বিশেষভাবে উল্লেখযোগ্য, চলতি বছরের ৩১ অগস্ট ‘পথের দাবী’ উপন্যাসের প্রকাশের ১০০ বছর পূর্ণ হতে চলেছে। সেই ঐতিহাসিক মুহূর্তকে কেন্দ্র করেই ছবিটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রকাশিত ভিডিওর শুরুতেই দেখা যায় বৃষ্টিভেজা এক পরিবেশ। ধীরে ধীরে ক্যামেরা এগিয়ে যায় একটি দীর্ঘ বারান্দা পেরিয়ে ঘরের ভিতরে। সেখানে সাদা ধুতি ও পাঞ্জাবি পরে বসে থাকতে দেখা যায় টোটা রায় চৌধুরীকে, যিনি এই ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন। তাঁকে কাগজ ও কলম নিয়ে লেখালিখিতে ব্যস্ত দেখা যায়। সেই সময় আবহে শোনা যায় শরৎচন্দ্রের ‘পথের দাবী’ উপন্যাসের কয়েকটি লাইন। গোটা দৃশ্যটি ছবির সময়কাল ও পরিবেশকে স্পষ্টভাবে তুলে ধরে।

ভিডিওর পরের অংশে টোটা রায় চৌধুরীর চরিত্রটি ক্যামেরার দিকে তাকিয়ে বলে ওঠে, “তাহলে দেখা হোক এবার পুজোয়।” এরপরই শোনা যায় আরেকটি সংলাপ, “সঙ্গে থাকুক সব্যসাচী।” ঠিক সেই মুহূর্তে ঘরের জানলার বাইরে দেখা মেলে আবির চট্টোপাধ্যায়ের। তিনি ছবিতে ‘পথের দাবী’র জনপ্রিয় চরিত্র সব্যসাচীর ভূমিকায় অভিনয় করছেন। তাঁর হাতে দুটি বন্দুক দেখা যায়। সাদা শার্ট, কোট ও টুপি পরা আবিরের লুক ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। ভিডিওর এই অংশটি ছবির মূল আকর্ষণ হিসেবে উঠে এসেছে।

এরপর জাতীয় পতাকার তিন রঙের আবহে পর্দায় ভেসে ওঠে ছবির নাম ‘এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র’। সেই সঙ্গে শোনা যায় ‘বন্দে মাতরম্‌’। প্রথম ঝলক প্রকাশ করে সৃজিত মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “কলম হাতে এক বিদ্রোহী এবং বন্দুক হাতে এক বিদ্রোহী। গল্পের ওস্তাদ, ছদ্মবেশেরও ওস্তাদ। এই পুজোয় আমরা ফিরে আসছি।” পরিচালকের এই বার্তা প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের উৎসাহ আরও বেড়েছে। বিশেষ করে শরৎচন্দ্র এবং সব্যসাচীকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন অনেকে।

আরও পড়ুনঃ চার দশকের পরিশ্রমের স্বীকৃতি, পদ্মশ্রী হাতে প্রথমেই মনে পড়ল মায়ের কথা! বাংলার জয়গান গেয়ে, কী বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

এই ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় থাকছেন টোটা রায় চৌধুরী এবং সব্যসাচীর চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়কে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল এবং ঋক চট্টোপাধ্যায়। তবে তাঁদের চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ছবির অন্যান্য তথ্যও ধীরে ধীরে সামনে আনা হবে বলে মনে করা হচ্ছে। ‘এম্পায়ার ভার্সেস শরৎচন্দ্র’ প্রযোজনা করছে নন্দী মুভিজ। আসন্ন দুর্গাপুজোতেই ছবিটি মুক্তির লক্ষ্যে এগোচ্ছে বলে জানা গিয়েছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর