তার বয়স চল্লিশ পেরোলো সবে, তবে এখনো লাবণ্যে তিনি দশ গোল দেবেন টলি নায়িকাদের। তার মুখের মধ্যেই রয়েছে লক্ষ্মীশ্রীর ছাপ, পুরো দুর্গা ঠাকুর লাগে যখন তিনি সোনার গয়না পরে সাবেক সাজে সামনে আসেন। তাই তার নোজ পায়ার্সিং দেখে নেটিজেনরা তো চমকাবেনই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন সুদীপা। যেখানে তাকে দেখা গেল নাক বিঁধানো অবস্থায়। যা দেখেই তার প্রশংসা করতে শুরু করেন সকলে। ঘরের মেয়ের এই নতুন অবতারে বেশ খুশি হয়েছেন তাঁর ভক্তরা।
এমনিতেও সুদীপাকে সকলেই খুব পছন্দ করেন তার ঘরোয়া স্বভাবের জন্য। তার রান্নার অনুষ্ঠান যথেষ্ট জনপ্রিয় মহিলাদের মধ্যে। সেই সঙ্গে তার সঞ্চালনাও দর্শকদের মন জয় করে নিয়েছে। বাড়ির দুর্গা পুজোতে তার সোৎসাহে যোগদান সকলেরই চোখে পড়ে। কলকাতার বালিগঞ্জের চট্টোপাধ্যায় বাড়ির পুজো যথেষ্ট বিখ্যাত। এছাড়াও বালিগঞ্জ ৬ প্লেস নামে রেস্তোরাঁটি নিজের হাতেই পরিচালনা করেন সুদীপা। সেই সঙ্গে তিনি একজন চিত্রনাট্যকারও বটে।
এর মধ্যেই দেখতে দেখতে ৪০ বছরে পা দিলেন এই সঞ্চালিকা। তাই চল্লিশে চালশে না হয়ে নিজের জীবনকে নতুন ভাবে উপভোগ করার জন্য ৪০ বছর থেকেই শুরু করলেন জীবনকে নতুন ভাবে উদযাপন। তার কথায় বয়সের ছাপ শরীরে পড়ুক কিন্তু মনে নয়।





