আসন্ন নির্বাচনকে ঘিরে নানা প্রশ্নের জবাবে নিজের মতামত পরিষ্কারভাবে জানালেন কবি জয় গোস্বামী। মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান, সেই প্রশ্নে তিনি সরাসরি নাম নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়-এর। তাঁর কথায়, ব্যক্তি হিসেবে মমতার উপরেই তাঁর আস্থা, তাই তিনি দল নয়, মূলত তাঁকেই দেখে ভোট দেন।
ভোট দেওয়ার ক্ষেত্রে প্রার্থী নয়, নেত্রীই তাঁর কাছে গুরুত্বপূর্ণ বলে জানান কবি। এমনকি সুযোগ থাকলে তিনি নিজে গিয়ে প্রচারেও অংশ নিতেন বলে মন্তব্য করেন। প্রার্থী বাছাই বা নির্বাচিত প্রতিনিধিদের প্রশিক্ষণ নিয়ে তিনি খুব আশাবাদী নন। তাঁর মতে, ক্ষমতা হাতে এলে মানুষ বদলে যায়, তাই আগে থেকে পরীক্ষা বা প্রশিক্ষণ তেমন কাজে আসে না।
নিজে নির্বাচনে দাঁড়ালে কী করতেন, সেই প্রশ্নে তিনি খানিক হতাশার সুরে বলেন, একসময় তিনি মনে করতেন লেখার মাধ্যমে সমাজ বদলানো সম্ভব। কিন্তু অভিজ্ঞতা থেকে তাঁর ধারণা বদলেছে। এখন তাঁর মনে হয়, সমাজ পরিবর্তনের কথা ভাবার চেয়ে নিজের কাজ নিয়েই থাকা ভালো, যেমন বই পড়া বা লেখালিখি করা।
দুর্নীতি, দলবদল বা রাজনীতির ভাষা নিয়ে প্রশ্ন উঠলে জয় গোস্বামী বলেন, এসব সমস্যা শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়। মানুষের মানসিকতা বদল না হলে কোনও নিয়মেই কাজ হবে না। একই সঙ্গে তিনি মনে করেন, বিরোধী মতামত থাকা জরুরি, কারণ তা না হলে আত্মসমালোচনার সুযোগ থাকে না। তবে বিরোধীদেরও রাজ্যের ভালোর কথা ভাবা উচিত বলেই মত তাঁর।
তারকা প্রার্থীদের নিয়ে তিনি বলেন, শুধুমাত্র জনপ্রিয়তার জোরে ভোট টানা ঠিক নয়, রাজনীতি বোঝার জন্য আলাদা দক্ষতা দরকার। পছন্দের রাজনীতিবিদ হিসেবে তিনি উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র-র নাম। তাঁদের সংযত ও স্পষ্ট বক্তব্যের প্রশংসা করেন তিনি। পাশাপাশি, ভাতা বা সামাজিক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের উপকার হচ্ছে বলেও মত প্রকাশ করেছেন কবি।





