বলিউডে আগে তিনি অ্যাকশন হিরো বলেই পরিচিত ছিলেন। তাঁর নানান ছবি এখনও মানুষের মনে দাগ কেটে যায়। তবে এখন তাঁকে নানা কমেডি ছবিতেও দেখা যায়। এক অত্যন্ত মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা এক যুবকই আজ বলিউডে সুনীল শেট্টি নামে খ্যাত। তবে আজ তিনি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, সেই জায়গায় পৌঁছনোর যাত্রাপথ এমন কিছু সহজ ছিল না।
সম্প্রতি নাচের রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান বেস্ট ডান্সার ২’-তে উপস্থিত হযন সুনীল শেট্টি। এই রিয়্যালিটি শো-তে তিনি নিজের অতীত জীবন নিয়ে কিছু কথা সকলের সামনে তুলে ধরেন।
তিনি বলেন যে জীবন কখনোই সহজ ছিল না তাঁদের। তাঁর বাবা হোটেলে ঝাড়ুদারের কাজ করতেন। তাই তাঁর বাবা তাঁর কাছে বিশ্বের সেরা নায়ক। তিনি সব সময় তাঁর বাবার জন্য গর্বিত বোধ করেন। তাঁর বয়স যখন ৯ বছর ছিল, তখন তাঁর বাবা মুম্বাইতে এসেছিলেন।
মুম্বইতে এসে ঝাড়ুদারের কাজ করতে কখনও লজ্জাবোধ করেন নি সুনীল শেট্টির বাবা ভিরাপা শেট্টি। কোনও কাজকেই তিনি ছোটো মনে করতেন না। তাঁর কাছে সব কাজই সমান ছিল। আর এই শিক্ষাই তিনি দিয়েছিলেন নিজের ছেলেকেও। এই কারণেই তাঁর বাবা যে হোটেলে কাজ করতেন, পরবর্তীকালে অভিনয়ে সাফল্য পাওয়ার পর সেই হোটেল কিনে নিয়েছিলেন সুনীল শেট্টি। বাবার দেখানো পথেই এগিয়ে ছিলেন অভিনেতা।
মাঝে মাঝেই ছেলের শুটিং সেটে আসতেন সুনীল শেট্টির বাবা। গর্ব ভরে দেখতেন ছেলের উন্নতি। সুনীল শেট্টির সাথে একই রিয়্যালিটি শো-এর মঞ্চে উপস্থিত ছিলেন করিশ্মা কাপুর। সুনীলের বাবা প্রসঙ্গে করিশ্মা কাপুরও বলেন, “এমন সদয় মানুষ খুব কম দেখা যায়। যতবার তাঁর সঙ্গে দেখা করেছিলাম,ততোবারই মন শ্রদ্ধায় ভরে গিয়েছে”।





