‘ছোটোখাটো কথা শোনার মতো সময় তৃণমূলের কাছে নেই, তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে’, ভোটপ্রচারে বেরিয়ে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের

‘তৃণমূলের সঙ্গে মানুষ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। ছোটোখাটো কথা শোনার সময় তৃণমূলের নেই’, পুরভোটের প্রচারে বেরিয়ে এমনটাই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়।

আজ, মঙ্গলবার কলকাতা কর্পোরেশনের ১১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল মনোনীত প্রার্থী কাকলি বাগের সমর্থনে নিউ আলিপুর স্টেট ব্যাংক পার্ক থেকে হুড খোলা গাড়িতে প্রার্থীকে নিয়ে প্রচার করেন পার্থ চট্টোপাধ্যায়।

এদিনের প্রচারে পার্থ চট্টোপাধ্যায় সিঙ্গুরে বিজেপির ধর্না সম্পর্কে বলেন, “ভোটের সময় লোকে ভোট করে। সেখানে কলকাতা কর্পোরেশনের ভোটের সময়ে মাঠ ছেড়ে বিজেপি অন্য জায়গায় গেছে। এটার মানে তারা বুঝে নিয়েছে যে নির্বাচনে তারা শূন্য পাবে”।

আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দিয়েছেন যে পুরভোটের সমস্ত বুথে সিসিটিভি মোতায়েন করতে হবে। এই নির্দেশের প্রেক্ষিতে পার্থ চট্টোপাধ্যায় বলেন, সিসিটিভি লাগানো ভালো।

তিনি এও বলেন যে তৃণমূল সারাবছর মানুষের সঙ্গে থাকে। এই কারণেই মানুষও তৃণমূলের সঙ্গেই রয়েছে। পার্থর কথায় তাদের এই বিশ্বাস রয়েছে যে মানুষ ফের তাদেরকেই আশীর্বাদ করবে।

গতকাল, সোমবার ১৭ জন বাংলাদেশ অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় বিজেপি বলে যে তৃণমূলের ভোটব্যাঙ্ক বাড়ানোর জন্য বাংলাদেশ থেকে লোক ঢোকানো হচ্ছে।

এই বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, বিজেপি যা খুশি বলতেই পারে। বিধানসভা নির্বাচনের সময় বিজেপি যা করেছিল, তা মানুষের মনে রয়েছে। এইসব ছোটোখাটো  কথা শোনার মতো সময় তৃণমূলের নেই। তারা মানুষের সমর্থনেই চলে। তিনি এও জানান যে তৃণমূলের সঙ্গে মানুষ রয়েছে ও মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন।

RELATED Articles