বাণিজ্য নগরী বর্তমানে বন্যায় ভেসে গেলেও অপরদিকে চলছে অন্য নাটক। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু তদন্তের দায়িত্ব পেয়ে মুম্বইয়ে পা রেখেছিলেন পাটনা সেন্ট্রালের পুলিশ সুপার বিনয় তিওয়ারি। কিন্তু মুম্বইয়ে পা রাখা মাত্রই তাকে বিএমসি থেকে আটক করে ১৪ দিনের কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ ওঠে মুম্বই পুলিশ ইচ্ছাকৃতভাবে এই তদন্তে বাধা দিতেই এই কাণ্ড ঘটিয়েছে। সেই নিয়ে হয় বিস্তর জল ঘোলা। তবে এবার শর্তসাপেক্ষে ছাড়া পেলেন তিনি। বিএমসি জানিয়ে দিয়েছে যে ৮ই আগস্ট এর আগে তাঁকে মুম্বই ছাড়তে হবে। প্রমাণ হিসেবে দেখাতে হবে রিটার্ন টিকিট।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু তদন্তে একটুও সহযোগিতা করছে না মুম্বই পুলিশ এরকমই অভিযোগ ওঠে বিহার পুলিশের তরফ থেকে। বিনয় তেওয়ারির কোয়ারেন্টাইনে যাওয়া এই বিতর্কে ঘি ঢালে। যদিও নিজেদের অবস্থান থেকে এক পা সরতে নারাজ ছিল বিএমসি। তবে এই অস্বাভাবিক মৃত্যু তদন্তভার যখন গতকাল সিবিআই এর কাছে চলে গেল তখন গোটা চিত্রটাই বদলে যায়। বিহার পুলিশের তরফ থেকে বিএমসিকে জানানো হয় যে তদন্তের কাজে বিনয় তিওয়ারির মুম্বই থাকার প্রয়োজন নেই কিন্তু পাটনায় তাঁকে কাজে ফিরতে হবে। তাই তাঁকে ছেড়ে দেওয়া হোক। সেই অনুরোধে সাড়া দিয়েই শর্তসাপেক্ষে ছাড়া নয় আইপিএস অফিসারকে।
বিএমসির তরফ থেকে জানা গিয়েছে যে ৫ দিন আগে মুম্বই এসেছেন বিনয়। কিন্তু বিহার পুলিশ থেকে যেহেতু জানানো হয়েছে যে তাঁকে পাটনায় প্রয়োজন সেজন্য এস ও পি মেনে তাকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়া হবে।
পাটনা যাওয়ার আগে বিনয় তিওয়ারিকে কিছু কাজ করতে হবে। তাঁকে রিটার্ন টিকিট দেখাতে হবে। প্রাইভেট গাড়িতে বিমান বন্দরে পৌঁছাতে হবে এবং মহারাষ্ট্র সরকারের নিয়ম মেনেই বিমান যাত্রা করতে হবে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী আজকেই পাটনার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন বিনয় তিওয়ারি।






