মার্ভেল সুপারহিরোদের হারিয়ে দিলেন সুশান্ত সিং রাজপুত। মুক্তির মাত্র ১০ ঘন্টার মধ্যেই নজিরবিহীন রেকর্ড গড়লো ‘দিল বেচারা’র ট্রেলার। ইউটিউব এর ইতিহাসে কোনও সিনেমার ট্রেলার এর সর্বাধিক লাইক পাওয়ার রেকর্ড গড়ল ট্রেলারটি।
মার্ভেল স্টুডিও-র ছবি অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার ছবির ট্রেলারটি এতদিন এই রেকর্ডটি নিজের দখলে রেখেছিল। এই ছবির ট্রেলারের সর্বকালীন লাইক সংখ্যা ৩.৬ মিলিয়ান অর্থাৎ ৩৬ লক্ষ। সেখানে সোমবার মাঝরাতে সেই মাইলস্টোন পার করে গেল ‘দিল বেচারা’র ট্রেলার। ১৯ ঘন্টায় ‘দিল বেচারা’র ট্রেলারের লাইকের সংখ্যা ৫.২ মিলিয়ন (৫২ লক্ষ)।
২০১৭ সালের নভেম্বরে মুক্তি পাওয়া ইনফিটিনি ওয়ার্কের ট্রেলারের লাইক সংখ্যাকে ছাপিয়ে যেতে মাত্র ৮ ঘন্টা লাগল ‘দিল বেচারা’র। তারপর তো লাইকের বন্যা বইছেই। ‘দিল বেচারা’র ট্রেলারে ভিউজও পড়ছে প্রচুর। ছবির ট্রেলারের ভিউজ সংখ্যা আপাতত ২৩ মিলিয়ন পার করেছে।
এতদিন পর্যন্ত ইউটিউবে ভারতীয় ছবির মধ্যে দক্ষিণী তারকা বিজয়ের ছবিটি সবথেকে বেশি লাইক কুড়িয়েছিল। এই ছবির ঝুলিতে রয়েছে প্রায় ২.৩ মিলিয়ন লাইক। বলিউড ছবির মধ্যে শাহরুখ খানের জিরো সিনেমাটি ২ মিলিয়ন লাইক নিজেদের দখলে করেছিল।
সুশান্ত অনুগামীরা ঠিক করেই ফেলেছেন যে ‘দিল বেচারা’ যেন সমস্ত ভারতীয় ছবির ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দেয়। সেই ব্যবস্থা তাঁরা করেও ফেলবেন। ভিউজ সংখ্যা বিচারে ভারতীয় ছবির মধ্যে ১ নম্বরে রয়েছে ‘জিরো’র ট্রেলার। ইন্টারনেটে ১২১ মিলিয়ন বার স্ট্রিম করেছেন দর্শকরা। কিন্তু যে গতিতে ‘দিল বেচারা’ ট্রেলার বারবার দেখা হচ্ছে খুব শিগগিরই এই রেকর্ড ‘জিরো’র থেকে চলে যাবে ‘দিল বেচারা’র হাতে একথা স্পষ্ট বোঝা যাচ্ছে।
‘দিল বেচারা’ সিনেমাটি জন গ্রীনের লেখা উপন্যাস ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ এর হিন্দি অ্যাডাপশন। রোগকে ছাপিয়ে প্রেমের জয়গাঁথা বুনেছে এই গল্পটি। এর হলিউড ভার্সন আমরা আগেই দেখেছি। হেজেল গ্রেস ও অগাস্টাস ওয়াটার্সের বিরল প্রেম কাহিনী দেখে আমাদের চোখ দিয়ে অঝোরে জল পড়েছে। সেখানে আমরা এই গল্পের কিজি ও ম্যানিকে দেখে যে চোখের জলে ভাসিয়ে দেব এই কথা বলার অপেক্ষা রাখে না।
গোটা ট্রেলার জুড়ে সুশান্ত তাঁর সিগনেচার এক্সপ্রেশন, সিগনেচার হাসি আর দক্ষ অভিনয় দিয়ে সকলের মন যেমন জয় করেছেন তেমন কাঁদিয়েওছেন। যখন সুশান্ত বলছেন- “জনম কব লেনা হ্যায় অউর মরনা কব হ্যায় ও হামারে হাতো মে নেহি হ্যায়, লেকিন ক্যায়সে জিনা হ্যায় ও হামারে হাতো হ্যায়” তাঁর মুখে এই কথা শুনে চোখের কোণ ভেজেনি এমন মানুষ বোধহয় নেই।
দুই অল্পবয়সী ক্যান্সার আক্রান্ত মানুষ কেমনভাবে একটি নিজেদের জগৎ তৈরি করবে তাই নিয়ে তৈরি হয়েছে এই কাহিনী। ২৪শে জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে সরাসরি মুক্তি পাবে ‘দিল বেচারা’। সাবস্ক্রাইবার, নন সাবস্ক্রাইবার সকলেই ছবিটি দেখতে পাবেন হটস্টারে।





