সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে গোটা বলিউড উত্তাল। তাঁর হঠাৎ মৃত্যুর পর বলিউডের সম্পূর্ণ চিত্র এখন অন্যরকম। সুশান্তের মৃত্যু ঘটনা নিয়ে প্রথম থেকে বলিউডের উপর নিজের ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আঙ্গুল তোলেন বলিউডের তাবড় তাবড় অভিনেতা ও কলাকুশলীদের দিকে। বলিউডে চলতে থাকা স্বজনপোষণ, বাইরের অভিনেতা অভিনেত্রীদের অভিনয়ের সুযোগ না দেওয়া, বলিউড ‘মুভি মাফিয়া’দের বাড়বাড়ন্ত, এসবই যে সুশান্তকে মৃত্যুর দিকে ঠেলে দেয় এমন অভিযোগও করেন কঙ্গনা। এমনকি, সুশান্তের মৃত্যু যদি খুন প্রমাণিত না হয়ে আত্মহত্যা হয়, তবে নিজের ‘পদ্মশ্রী’ উপাধি তিনি ফিরিয়ে দেবেন, একথাও জানান তিনি। এবার তার এই কথাই তাকে পুনরায় মনে করিয়ে দিয়ে তার দিকে তীর বিঁধলেন অভিনেত্রী স্বরা ভাস্কর।
https://twitter.com/ReallySwara/status/1313764976012652544?s=20
সুশান্তের মৃত্যু নিয়ে চারিদিকে শুরু হয়েছিল গুঞ্জন। তাঁর ভক্তদের দাবী ছিল, কোনওভাবেই আত্মহত্যা করতে পারেন না অভিনেতা, তাকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এই খুনে যে তাঁর বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী জড়িত, সেই অভিযোগও উঠে। কিন্তু সুশান্তের প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে ধরা পড়ে যে আত্মহত্যা করেছিলেন অভিনেতা। এরপর জল অনেক দূর গড়ায়। সুশান্তের মৃত্যুর তদন্তের দায়ভার যায় সিবিআই-এর উপর। পরবর্তীতে, দিল্লির এইমসের চিকিৎসকের এক দলের নেতৃত্বে থাকা ডঃ সুধীর গুপ্ত জানান সুশান্ত আত্মহত্যাই করেছেন, কোনও খুন হয়নি। এরপরই স্বরা বলেন, “দুর্ভাগ্যবশত আত্মহত্যার জেরে মৃত্যু হয়েছে সুশান্ত সিং রাজপুতের। তাহলে এবার কিছু মানুষ তাদের পুরস্কার ফিরিয়ে দেবেন তো”। তার এই উক্তির তীর যে কঙ্গনার দিকেই নিক্ষিপ্ত, সে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না।
এদিকে, গতকাল ১ লক্ষ টাকার বন্ডে জামিন পান রিয়া চক্রবর্তী। মাদকযোগে অভিযুক্ত হওয়ায় গত ২৮ দিন জেলে কাটান তিনি। একদিকে সুশান্তের আত্মহত্যার রিপোর্ট ও অন্যদিকে রিয়ার জামিন, সব মিলিয়ে রিয়ার আইনজীবী জানান যে শেষে সত্যেরই জয় হয়েছে।





