সদ্যই শুরু হয়েছে অভিনেত্রী নুসরত জাহানের সঞ্চালনায় এক বেসরকারি এফএম চ্যানেলের টক শো ‘ইশক উইথ নুসরত’। ইউটিউবে ইতিমধ্যেই দুটি এপিসোড মুক্তি পেয়েছে। নানান তারকারা অতিথি আসবেন নুসরতের এই টক শো-তে। প্রথম এপিসোডের অতিথি ছিলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী, দ্বিতীয় এপিসোডে আসেন মদন মিত্র।
এবার পালা তৃতীয় এপিসোডের। এই এপিসোডে দেখা যাবে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। ইতিমধ্যেই এই এপিসোডের টিজার মুক্তি পেয়েছে। এই শো-তে যেন কোনও তারকাই নিজেদের মস্তিষ্কের নির্দেশ না শুনেই মনের কথা শুনছেন। আর তাদের সমস্ত মনের কথা টেনে বের করে আনছেন নুসরত।
ঋতাভরী যেমন নুসরতের এই টক শো-তে এসে অকপটে স্বীকার করে নেন অন্যের রান্নাঘরে যৌন সঙ্গমের কথা। ঠিক তেমনই এবার মদন মিত্রও অনেক কথা বলার পর বলেছিলেন, “নুসরত বলেই এত কথা বললাম, কেস দেবেন না প্লিজ”। নুসরত নিজে যেহেতু একজন সেলিব্রিটি, সে কারণেই হয়ত নানান তারকারা কোনও রাখঢাক না রেখেই নিজেদের মনের কথা বলে ফেলছেন। যেমনটা করলেন তনুশ্রীও।
টিজারে দেখা যাচ্ছে, নুসরত পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম করতেই তনুশ্রী বললেন, “বেড়েপাকা”। এরপরই রুদ্রনীলের কথা উঠতেই তিনি বললেন, “রুদ্রনীলের ক্ষেত্রেও ওই একই কথা বলতে যাচ্ছিলাম, বেড়েপাকা”। কিন্তু ঠিক কী প্রসঙ্গে একথা তিনি বলেছেন, তা অবশ্য টিজারে জানা যায়নি।
View this post on Instagram
টলিপাড়ায় সকলেরই জানা যে রুদ্রনীলের সঙ্গে একসময় তনুশ্রীর প্রেমের সম্পর্ক ছিল। তারা নিজেরাও নিজেদের সম্পর্ক নিয়ে বিশেষ লুকোছাপা করেন নি। অভিনেতার তরফে তাদের বিয়ের ঘোষণাও হয়ে যায়। কিন্তু পরে কোনও অজ্ঞাত কারণে সেই বিয়ে ভেঙে যায়। পরিণতি পায়নি তাদের সম্পর্ক। তাহলে কী রুদ্রনীলের সেই বেড়েপাকামির জন্যই তাদের সম্পর্ক টিকল না, সেই উত্তর হয়ত লুকিয়ে রয়েছে ‘ইশক উইথ নুসরত’-এর পরবর্তী এপিসোডে।





