‘হজরত মহম্মদ আজ বেঁচে থাকলে….’, নবী বিতর্কে এবার মুখ খুললেন তসলিমা নাসরিন

বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা হজরত মহম্মদকে নিয়ে যে মন্তব্য করেছেন, তা নিয়ে এখন গোটা দেশ উত্তাল। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশে নানান হিংসার ঘটনা ঘটে চলেছে। এবার এই  নিয়ে মুখ খুললেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

নানান সময়েই নানান বিষয় নিয়ে মুখ খোলেন তিনি। এর জেরে খবরের শিরোনামেও উঠে আসেন বারবার। ইসলামপন্থীদের বিরুদ্ধে তাঁকে বারবার সুর চড়াতে দেখা গিয়েছে। এবার নবী বিতর্কেও সরব হলেন তিনি।

টুইট বার্তায় তসলিমা নাসরিন লেখেন, “আজ নবী মহম্মদ বেঁচে থাকলে সারা বিশ্বের মুসলিম ধর্মান্ধদের উন্মাদনা দেখে হতবাক হয়ে যেতেন”। বলে রাখি, ভারত তো বটেই, পাকিস্তান ও বাংলাদেশেও নূপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বেরিয়েছে। একাধিক দেশ কূটনৈতিক স্তরে ভারতের কাছে এই ইস্যু নিয়ে জবাবদিহি চেয়েছে। জঙ্গি সংগঠন আল-কায়দা হামলার হুমকি দিয়েছে। এই সব ঘটনার প্রেক্ষিতেই তসলিমার এই মন্তব্য।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার হাওড়ার অঙ্কুরহাটিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে মুসলিমরা। নবান্নের তরফে কড়া বার্তা দেওয়া হলেও কোনও লাভ হয়নি। প্রায় ১১ ঘণ্টা অবরোধ থাকে। এর জেরে চরম ভোগান্তি পোহায় সাধারণ মানুষ। অবরোধের জেরে আটকে যায় গাড়ি, অ্যাম্বুলেন্স।

শুধু তাই-ই নয়, গতকাল, শুক্রবার সলপে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। ধূলাগড়ে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে বিক্ষোভকারীরা। এর জেরে গতকালই গোটা হাওড়া জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। হিংসা ঠেকাতে উলুবেড়িয়ার একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে সরকারের তরফে।

হজরত মহম্মদ বিতর্কে হিংসার ঘটনায় তৎপর হয়েছে রাজ্য পুলিশ। গতকাল গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক হিংসার ঘটনা সামনে আসে। সেই প্রেক্ষিতে ৭০ জনকে গ্রেফতার করল পুলিশ। হিংসাত্মক বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সরকারি সম্পত্তির ক্ষতি এবং পুলিশ কর্মীদের উপর হামলার অভিযোগে হাওড়া সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে ৭০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

RELATED Articles

Leave a Comment