‘বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুদের উৎখাত করা নিয়ে কোনও ছবি কেন নেই’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখার পর তসলিমা নাসরিনের প্রশ্ন

গত ১১ই মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি। আর এরপর থেকেই কার্যত গোটা দেশে এই ছবি নিয়ে চর্চা শুরু হয়েছে। স্বল্প বাজেটের এই ছবি প্রচারের সুযোগ কম পেলেও তা মানুষের মধ্যে যে প্রভাব ফেলেছে, তা বলাই বাহুল্য। মুক্তির পরপর অনেক সিনেমা হলেই মিলছিল না টিকিট।

খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ছবি দেখে ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন। দেশের ইতিহাসে কাশ্মীরি পণ্ডিতদের গুরুত্ব জানার জন্য ও সত্যকে জানার জন্য এই ছবি অবশ্যই দেখা উচিত বলে মনে করেন তিনি। এই ছবি নিয়ে প্রশংসা যেমন হয়েছে, তেমনই আবার বিরোধীরা এই ছবিকে বিজেপির প্রোপাগান্ডা বলে দেগেছেন।

এবার এই ছবি দেখে নিজের প্রতিক্রিয়া জানালেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তিনি টুইটে লেখেন, “দ্য কাশ্মীর ফাইলস দেখলাম আজ। যদি কাহিনিটা ১০০ শতাংশ সত্যি হযয়, বাড়িয়ে বলা না, কোনো অর্ধসত্য না থাকে তাহলে সত্যিই এটা খুব দুঃখজনক ঘটনা। কাশ্মীরি পণ্ডিতদের তাঁদের জন্মস্থানে থাকার অধিকার ফিরিয়ে দেওয়া উচিত। আমি বুঝতে পারছি না বাংলাদেশ থেকে বাঙালি হিন্দুদের উৎখাত করা নিয়ে কোনও ছবি নেই কেন”?

তসলিমা নাসরিনের এই টুইটটি বেশ ভাইরাল হয়েছে। কেউ কেউ তাঁর এই টুইটে মন্তব্য করে লিখেছেন যে ১৯৭১ সালের গণহত্যা নিয়ে বাংলাদেশ ফাইলস করা অবশ্যই দরকার। আবার কেউ নিজেকে কাশ্মীরি পণ্ডিত দাবী করে জানিয়েছেন যে এসব ঘটনাই সত্যি।

বলে রাখি, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই নানান বিজেপি শাসিত রাজ্যে এই ছবির টিকিট করমুক্ত করা হয়েছে। আবার অসম সরকার ঘোষণা করেছে যে এই ছবি দেখার জন্য সরকারি কর্মচারীদের অর্ধেক দিনের ছুটি দেওয়া হবে। অন্যদিকে, মধ্যপ্রদেশ সরকার এই ছবি দেখার জন্য পুলিশ কর্মীদের ছুটি দিয়েছে।

আরও অন্যান্য খবর