টেলিভিশনের পরিচিত এক অভিনেত্রীর ব্যক্তিগত জীবন ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর চর্চা। বিয়ের পর থেকেই সংসারে একের পর এক সমস্যার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে মুম্বইয়ের গোরেগাঁও থানায় একটি এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অভিযোগে শুধু স্বামী নন, শাশুড়ি এবং ননদের নামও রয়েছে। অভিনেত্রীর দাবি, দীর্ঘদিন ধরে নানা ধরনের সমস্যার মধ্যে থাকতে হয়েছে তাঁকে। প্রথমে পারিবারিকভাবে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
আরও পড়ুন: একি কাণ্ড! টলিপাড়ায় চাঞ্চল্য, দেবের ফোন ‘হ্যাক’ ফাঁস হল গোপন তথ্য! জানেন, এতদিন কী কী লুকিয়ে রেখেছিলেন মেগাস্টার? এবার সবকিছু প্রকাশ্যে?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে একটি অনলাইন অভিনয় কর্মশালায় দু’জনের পরিচয় হয়। এরপর বন্ধুত্ব থেকে প্রেম এবং পরে পরিবারের সম্মতিতে বিয়ে। কিন্তু বিয়ের অল্প সময়ের মধ্যেই সম্পর্কের টানাপোড়েন শুরু হয় বলে অভিযোগ। ধীরে ধীরে সেই অশান্তি আরও বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত বিষয়টি থানায় পৌঁছায়।
এরপরই সামনে আসে মূল অভিযোগ। ‘রব সে হ্যায় দুয়া’ এবং ‘কলীরেঁ’ খ্যাত অভিনেত্রী অদিতি শর্মা তাঁর স্বামী অভিনীত বিদ্যানন্দ কৌশিক, শাশুড়ি উর্মিলা কৌশিক এবং ননদ কীর্তি কৌশিকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। পাশাপাশি মারধর, অশ্রাব্য ভাষায় অপমান, চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ এবং বিয়ের গয়না নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগও করেছেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতেই গত ৩১ জুলাই গোরেগাঁও থানায় মামলা দায়ের হয়েছে।
অদিতির দাবি, বিয়ের পর থেকেই পোশাক থেকে শুরু করে ছোট ছোট বিষয় নিয়েও অশান্তি চলত। স্বামী নিয়মিত তাঁর মোবাইল পরীক্ষা করতেন, পরকীয়ার অভিযোগ তুলতেন এবং বাবা মায়ের সঙ্গে যোগাযোগেও বাধা দেওয়া হত বলে অভিযোগ। এছাড়াও বিয়ের সময় পাওয়া সোনার ও হিরের গয়না ফেরত না দেওয়ার কথাও জানিয়েছেন অভিনেত্রী। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।






