করোনার সঙ্গে যুদ্ধ শেষ। অকালেই প্রাণ হারালেন বিখ্যাত হিন্দি ধারাবাহিক ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলতা হ্যায়’-এর অভিনেত্রী দিব্যা ভাটনগর। এই ধারাবাহিকে পরিচারিকা গুলাবোর চরিত্রে অভিনয় করতেন তিনি। অবশেষে হার মানলেন করোনার কাছে।
জানা গিয়েছে, গত মাসের শেষের দিকেই করোনায় আক্রান্ত হন তিনি। এরপরই তাকে ভর্তি করা হয় গোরেগাঁও-য়ের একটি হাসপাতালে। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, “হাই, আমার ইনস্টাগ্রাম পরিবার। আমার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন। আপনাদের সকলকে খুব ভালোবাসি”। ছবিতে দেখা গিয়েছিল দিব্যার মুখে অক্সিজেন মাস্ক লাগানো রয়েছে, কিন্তু তাঁর মুখে হাসি।
সূত্রের খবর, দিব্যার অক্সিজেন মাত্রা ৭১-এর নীচে নেমে গিয়েছিল। তারপরই তাকে ভেন্টিলেটরে রাখা হয়। কিন্তু শেষ রক্ষা হল না, অকালেই চলে গেলেন অভিনেত্রী।
তাঁর মৃত্যুসংবাদে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। দিব্যার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “যখন কারও কাছে কেউ থাকত না, তুই থাকতিস। তুই-ই ছিলিস যাকে আমি বকতে পারতাম। কিন্তু এখন তুই আরও ভালো জায়গায় আছিস যেখানে কোনও দুঃখ, কষ্ট নেই। তোকে খুব মিস করব”। দিব্যার অকাল প্রয়াণে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিনেত্রী শিল্পা শিরোদকর লিখেছেন, “মনটা একেবারে ভেঙে গেল। আমার প্রিয় দিব্যা, শান্তিতে থাক তুমি”।





