আগেও চেয়েছেন এবার ফের উন্নয়নশীল দেশ পাকিস্তানের জন্য রাষ্ট্রপুঞ্জের সামনে ঋণ মুক্তির আর্জি জানালেন প্রধানমন্ত্রী ইমরান খান।
করোনাভাইরাসের জেরে হওয়া লকডাউনে একাধিক উন্নয়নশীল দেশের অবস্থা শোচনীয়। একই অবস্থা পাকিস্তানেরও। আর সেই কারণেই এই আর্জি জানিয়েছেন পাক প্রধান।
উন্নয়নশীল দেশগুলি কী কী বিপদের মুখে দাঁড়িয়ে আছে এবং অর্থনীতি ধসে গেলে তার প্রভাব কতটা ভয়াবহ হবে, তা বিস্তারিতভাবে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। কাতরভাবে তিনি জানান, করোনা মহামারীর কারণে পাকিস্তানের অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তিনি বলেন, ‘মানুষকে শুধুমাত্র ভাইরাস থেকে রক্ষা করা নয়, অনাহারে মানুষের মৃত্যু রোখার চেষ্টা করছি আমরা। গরিবদের সাহায্য এবং একইসঙ্গে অর্থনীতিকে গতিশীল রাখতে প্রায় আট বিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজের ঘোষণা করেছি। যা আমাদের জিডিপির প্রায় তিন শতাংশ।’
করোনা ভাইরাসের মহামারী নিয়ে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের অধিবেশনে উন্নয়নশীল দেশগুলির হয়ে আর্জি জানান তিনি।
নিজের বক্তব্যে বলেন, ‘আমাদের মতো যে উন্নয়নশীল দেশগুলি আছে, সেগুলিও একই পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। কিভাবে অর্থনীতিকে চাঙ্গা করা যায় এবং একইসঙ্গে কিভাবে বাজেট ঘাটতি কমানো যায় তা চিন্তা করতে হবে। একমাত্র বাড়তি নগদের জোগান দিয়ে আমরা আর্থিক পরিস্থিতি সামলাতে পারি এবং আর্থিক বৃদ্ধি ঘুরে দাঁড় করিয়ে ফেলতে পারি।’
ইমরান দাবি করেন, নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করতে ধনী দেশগুলি ১৩ ট্রিলিয়ন ডলারের আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে। কিন্তু উন্নয়নশীল দেশগুলির এখন সেই সামর্থ্য নেই।





