সম্প্রতি পেজ থ্রি খবরে যে খবরটি সবথেকে বেশি চর্চায় রয়েছে, তা হল অভিনেত্রী নুসরত জাহান ও নিখিল জৈনের বৈবাহিক সম্পর্কে ছেদ। বিভিন্ন মহলেই গুঞ্জন উঠেছে যে নিখিল ও নুসরতের বিয়েতে ভাঙন ধরেছে। নেপথ্যে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের গজিয়ে ওঠা ঘনিষ্ঠতা। এর জেরে বেশ কিছুদিন ধরেই নুসরত ও নিখিলের সংসারে চলছে অশান্তি। ইতিমধ্যেই আলাদা থাকতে শুরু করেছেন এই দম্পতি। ইনস্টগ্রামেও একে অপরকে আনফলো করে দিয়েছেন নুসরত ও নিখিল।
তাদের সম্পর্কের বিতর্কের মাঝেই মুক্তি পেল নুসরত ও আবীর চট্টোপাধ্যায় অভিনীত নতুন ছবি ‘ডিকশনারি’র ট্রেলার। এই ট্রেলারের মধ্যে দিয়ে যেন অভিনেত্রীর রিল লাইফ ও রিয়েল লাইফ মিলেমিশে একাকার হয়ে গেল। ছবিতে নুসরতকে দেখা যাবে স্মিতার চরিত্রে। স্বামীর বয়স বেশ বড় হওয়ার কারণে তাঁর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠেনি স্মিতার। আর স্মিতার জীবনের সেই শূন্যস্থান পূরণ করল অন্য এক পুরুষ। দাম্পত্য ও পরকীয়ার টানাপড়েনেই তৈরি হয়েছে এই ছবির প্রেক্ষাপট।
এর আগে ‘অসুর’ ছবিতে আবীরের স্ত্রীর ভূমিকায় দেখা মিলছিল নুসরতের। এই ছবিতে অশোক সান্যাল ওরফে আবীর ও স্মিতা ওরফে নুসরতের দাম্পত্য সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়ায় স্মিতার দেওর সুমন। কলকাতায় পড়াশোনা করতে এসে সুন্দরী বৌদির মোহে আটকা পড়েন সুমন। ধীরে ধীরে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। বুদ্ধদেব গুহ-র দুটি ছোটো গল্প ‘বাবা হওয়া’ ও ‘স্বামী হওয়া’র অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির প্রেক্ষাপট।
এই ছবিতে নুসরতের দেখা মিলেছে একেবারে অন্য লুকে। প্রায় মেকআপহীন, সুতির শাড়ি ও এলোমেলো চুলে সাধারণ গৃহবধূর লুকে দেখা গিয়েছে তাঁকে। অন্যদিকে সাদা পাঞ্জাবি, পাজামা ও মোটা ফ্রেমের চশমা পরে বেশ গাম্ভীর্য দেখা গিয়েছে আবীরের লুকে। ট্রেলার দেখার পরই নুসরতের বাস্তব জীবনের সঙ্গে এই ছবির প্রেক্ষাপটের অনেক মিল খুঁজে পেয়েছেন দর্শক।






