অস্ট্রেলিয়া সফর থেকে পিতৃত্বকালীন ছুটি নিয়ে সদ্য দেশের মাটিতে ইংল্যান্ড সিরিজ খেলতে দলে ফিরলেন বিরাট কোহালি। এরপরই ঘটল বিপত্তি। ভারত অধিনায়ককে আইনি নোটিশ পাঠাল কেরল হাইকোর্ট। তাদের অভিযোগ, তরুণ প্রজন্মকে অনলাইন রামি খেলতে উৎসাহ দিচ্ছেন বিরাট। তিনি একটি জনপ্রিয় অনলাইন রামি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর, তার প্রচারও করেন বিজ্ঞাপনের মাধ্যমে।
শুধু বিরাট নন, দেশের দুই দক্ষিণী অভিনেতা তামান্না ভাটিয়া এবং আজু ভার্গিসকেও এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। ইন্টারনেট দুনিয়ায় এখন অনেক মানুষেরই নেশা হয়ে উঠছে অনলাইন গেম। সেই সঙ্গে আইপিএলের সময় জুয়া, বেটিং তো রয়েছেই। এমনিতেই বিতর্ক চলছিল এই বছরের আইপিএলে অনলাইন বেটিং সংস্থা ড্রিম-১১ কে স্পনসর রাখা নিয়ে। এর আগেও অনলাইন বেটিং অ্যাপের প্রচার করার জন্যও কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি ও প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
মাদ্রাজ হাইকোর্টের পক্ষ থেকে বিরাট কোহলি এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিস জারি করা হল। এই নোটিসে বলা হয়েছে, তারকারা সাধারণের মানুষের জীবনের কথা না ভেবে ব্যবসা ও মুনাফা নিয়েই বেশি ব্যস্ত। বলা বাহুল্য, এই সমস্ত অনলাইন বেটিং সংস্থার প্রচার বিজ্ঞাপনে দেখা গিয়েছে সৌরভ, বিরাট, ধোনি, সচীন সহ একাধিক ক্রিকেট তারকাকে। অনলাইন স্পোর্টস ফ্যান্টাসি অ্যাপ এন্ডোর্স করার জন্যই আজ কাঠগড়ায় তারা।





