2020-2021 অর্থবর্ষে রাজ্য আবগারি দফতরের রাজস্ব আদায়ের লক্ষ্যে ছিল 12 হাজার কোটি টাকা। ইতিমধ্যেই জানা গেছে ডিসেম্বরের শেষ হওয়ার আগেই লক্ষ্যমাত্রা ছুঁয়ে ফেলেছে রাজ্য আবগারি দপ্তর। ফলে রাজ্যের বাসিন্দারা যে এই বছরে দেদার মদ খেয়েছেন একথা বলাই বাহুল্য।
আবগারি দপ্তর সূত্রে জানা যাচ্ছে চলতি বছরে লক্ষ্যমাত্রার থেকে অনেকটাই বেশি আয় হবে। তবে এবারে যে আয় বৃদ্ধিতে হচ্ছে তা 2017-18 সালের আয় বৃদ্ধি কে ছুঁতে পারবে না। ওই বছর রেকর্ড আয় বৃদ্ধি হয়েছিল।সেবছর লক্ষ্যমাত্রা ছিল 5781.38 কোটি টাকা। পরে তা কমিয়ে 4788 কোটি করা হয়েছিল। কিন্তু সেই অর্থবর্ষের শেষে দেখা যায় প্রায় দ্বিগুণ হয়েছে আয়। ওই বছরে আবগারি দফতরের মোট আয় ছিল 9340.05 কোটি টাকা।
আবগারি দপ্তর সূত্রে জানা গেছে যে, গত পাঁচ বছর ধরেই রাজ্য আবগারি দপ্তর এর উপর রাজ্যের আর্থিক ব্যবস্থার ভরসা বেড়েছে কারণ আবগারি দপ্তর এর মাধ্যমে আয় বাড়ছে। 2015-16 সালে নিজের লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি রাজ্য আবগারি দপ্তর। পরিস্থিতির বদল ঘটে 2017 সাল থেকে। সেই বছরের জানুয়ারি মাস থেকেই রাজ্যে দেশি ও বিলিতি মদের মূল ডিস্ট্রিবিউটার হিসেবে কাজ শুরু করে ওয়েস্ট বেঙ্গল স্টেট বেভারেজেস কর্পোরেশন।তারপর থেকেই আবগারি দপ্তর এর মাধ্যমে আয় বাড়তে থাকে।
একটা সময় ছিল যখন রাজ্য আফগানি দপ্তরের বিক্রি 500 কোটি টাকাও ছিল না বছরে। কিন্তু হঠাৎ করে এই আয় বৃদ্ধি কীভাবে হচ্ছে? রাজ্য আবগারি দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে, এমনটা নয় যে তারা মানুষকে মদ্যপানে আগের থেকে বেশি করে উৎসাহ দিচ্ছেন। মূল ঘটনাটা হলো গত কয়েক বছর ধরে রাজ্য অবৈধ মদ বিক্রি করাটা অনেকটাই বন্ধ করা গেছে। যার প্রভাব দেখা দিয়েছে বৈধ মদ বিক্রিতে। এর ফলে সাধারণ মানুষের যেমন মদ থেকে বিষক্রিয়া কমেছে সেরকম সরকারকে কর ফাঁকি দেওয়াও কমেছে।





