আজ, ১৯শে ডিসেম্বর, রবিবার কলকাতা পুরসভায় ভোট। সকাল থেকেই শুরু হয়েছে ভোট গ্রহণ। তবে সকাল থেকেই একের পর এক নানান অভিযোগ উঠে আসছে নানান ভোটগ্রহণ কেন্দ্র থেকে। বেলাঘাটার ৩০ নম্বর ওয়ার্ড থেকে এসেছে বোমাবাজির অভিযোগ। অন্যদিকে টাকি হাইস্কুলের কাছে ৩৬ নম্বর ওয়ার্ড থেকে কংগ্রেস এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে।
অন্যদিকে আবার তৃণমূলের পোস্টার, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগও উঠেছে। তৃণমূল প্রার্থী পাপিয়া ঘোষ এই নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন। আর এরই মধ্যে এবার গুরুতর অভিযোগ এলো জোড়াবাগান এলাকা থেকে।
কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিতকে করা হল হেনস্থা। এমনকি তাঁর পোশাক ছিঁড়ে দেওয়ারও অভিযোগ ওঠে। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। এমনকি, নির্দল প্রার্থীদের মেরে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগও ওঠে। এই ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে জোড়াবাগান এলাকায়। রাজ্য নির্বাচন কমিশনের তরফে গোটা ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে।
তবে নানা অভিযোগ উঠলেও পুলিশ দ্রুত তা মিটিয়ে দিচ্ছে। গোটা কলকাতা শহর পুলিশে মুড়ে ফেলা হয়েছে। আজ, রবিবার ভোটের সময় মেটিয়াব্রুজ হাইস্কুলে উত্তেজনা দেখা দেয়। ১৩৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ও তার দলবলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। তবে বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে।
এদিকে কেন্দুয়া ১০১ নম্বর ওয়ার্ডে আবার বুথ দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনা জানাজানি হতেই রিপোর্ট তলব করে কমিশন। তবে বেশ তৎপরতার সঙ্গেই চলছে ভোটগ্রহণ। প্রত্যেক বুথে মোতায়েন রয়েছে সিসিটিভি। বুথের ভিতর ও বাইরে পুলিশি পাহারা। প্রত্যেক ওয়ার্ডে জিএসপি পদমর্যাদার আধিকারিকরা টহল দিচ্ছেন।





