তিন বিজেপি শাসিত রাজ্যে করমুক্ত ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর টিকিট, ছবির কলাকুশলীদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

এবার ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি পেল আরও বড় সাফল্য। মুক্তির দু’দিনের মধ্যেই তিন বিজেপি শাসিত রাজ্যে করমুক্ত হল এই ছবির টিকিট। মধ্যপ্রদেশ, গুজরাত, ও হরিয়ানার সরকার ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির টিকিটে করমুক্ত করার ঘোষণা করেছে। এর জেরে এই ছবির ব্যবসায় যে বেশ বড়সড় প্রভাব পড়বে, তা নিয়ে ছবির নির্মাতারা বেশ আশাবাদী।

গত শনিবারই হরিয়ানা সরকারের তরফে প্রথম এই ছবি টিকিট করমুক্ত করার ঘোষণা করা হয়। প্রেক্ষাগৃহে গিয়ে এই ছবি দেখতে গেলে টিকিটের সঙ্গে কোনও অতিরিক্ত কর দিতে হবে না। এরপরই রবিবার গুজরাত সরকার ও মধ্যপ্রদেশ সরকারের তরফে সোশ্যাল মিডিয়ায় টিকিটের করমুক্তির কথা ঘোষণা করা হয়।

মধ‍্যপ্রদেশের মুখ‍্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান টুইটে লেখেন, “১৯৯০-এ কাশ্মীরি হিন্দুদের যন্ত্রণা, সংগ্রাম, শোকের হৃদয় বিদারক বর্ণনা হল দ‍্য কাশ্মীর ফাইলস। এই ছবিটি সবার দেখা উচিত। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মধ‍্যপ্রদেশে ছবিটির টিকিট করমুক্ত করে দেওয়া হবে”। তিনটি রাজ‍্যের মুখ‍্যমন্ত্রীদের ধন‍্যবাদ জানিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

https://twitter.com/vivekagnihotri/status/1502964169175306241?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1502964169175306241%7Ctwgr%5Ehb_1_8%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbanglahunt.com%2Fthe-kashmir-files-becomes-tax-free-in-three-states-nn%2F

অতি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাৎ করে এই ছবির কলাকুশলীরা। পরিচালক বিবেক অগ্নিহোত্রী, প্রযোজক অভিষেক আগরওয়াল ও অভিনেত্রী পল্লবী যোশী সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। ছবি এবং কলাকুশলীদেরও শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদী।

বলে রাখি, ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তি পাওয়ার প্রথম দু’দিনেই দারুণ ব্যবসা করেছে এই ছবি। এই ছবি নিয়ে উন্মাদনা শুধুমাত্র উত্তর ভারতেই আটকে নেই। তা ছড়িয়ে পড়েছে বাংলাতেও। এই ছবিকে ঘিরে যথেষ্ট উচ্ছ্বাস চোখে পড়েছে কলকাতাবাসীদের মধ্যে।

জানা গিয়েছে, কলকাতার বেশ কয়েকটি সিনেমা হলেই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর টিকিট শেষ হয়ে যাচ্ছে। অনেক হলের বাইরে ঝুলছে হাউজফুল বোর্ড। সোশ্যাল মিডিয়ায় দাবী করা হয়েছে যে শহরের বেশ কিছু মাল্টিপ্লেক্সে অনলাইনে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর টিকিট পাওয়া যায়নি। শনিবার সন্ধ্যায় অনেকে হাইজফুল বোর্ড দেখে ফিরে গিয়েছেন। রবিবারও অনলাইনে সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে খবর।

RELATED Articles