সম্প্রতি শেষ হয়েছে টোকিও অলিম্পিক। যেখানে মাত্র ২৩ বছর বয়সে সোনা জিতে সকলের আদরের পাত্র হয়ে উঠেছেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে সোনা জিতে দেশের মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। এবার এই তরুণ তারকাকে দেখা যাবে অমিতাভ বচ্চনের সঙ্গে প্রশ্ন-উত্তরের খেলায় মাততে।
কেবিসির হট সিটে অমিতাভ বচ্চনের সামনে এবার হাজির হবেন গোটা দেশের গর্ব নীরজ চোপড়া। আগামী ১৭ সেপ্টেম্বর দেখা যাবে এই বিশেষ পর্ব। এরমধ্যে রবিবারে সামনে এসেছে সেই পর্বের আগাম ঝলক। প্রথমে নীরজ চোপড়ার জ্যাভলিন ছোড়ার কিছু স্টিল ছবি ব্যবহার করা হয়েছে ভিডিওতে। তার পরেই কেবিসির মঞ্চে তাঁর প্রবেশ। লাল জ্যাকেট পড়ে সে আসেন। এই তারকার গলায় ঝোলানো ছিল টোকিও অলিম্পিকে জেতা তাঁর সোনার মেডেল।
পাশাপাশি এই বিশেষ পর্বে নীরজ চোপড়ার সঙ্গে দেখা যাবে ভারতীয় হকি দলের তারকা খেলোয়াড় পি.আর. শ্রীজেশকে। খেলার দুনিয়ার এই দুই মহারথী একসঙ্গে হট সিটে বসে মাতাবেন কেবিসির মঞ্চ। এদিন হাসিমুখে দর্শকদের অভিবাদন গ্রহণ করে নেন নীরজ। পাশাপাশি নিজের ভালোলাগা-মন্দলাগা শেয়ার করে নেন বিগ-বির সঙ্গে।
এদিন অলিম্পিকে সোনাজয়ী এই তারকাকে অমিতাভ জানালেন, খেলা দেখতে বেশ পছন্দ করেন তিনি। ক্রিকেট-ফুটবল বা অলিম্পিকে যে কোন খেলোয়ার সাফল্য পেলে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিগ বি। সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে পোস্টও করেন। এদিন নীরজের কেবিসি’র সেটে আসাতে আনন্দ প্রকাশ করেন তিনি। এতটাই উচ্ছ্বসিত হয়ে পড়েন যে, হাত উঁচু করে ‘হিন্দুস্থান জিন্দাবাদ’ স্লোগান দিতে দেখা যায় বলিউডের ‘শাহেনশা’কে।
কিছুদিন আগে কেবিসি’র মঞ্চ মাতিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ও বীরেন্দ্র শেওয়াগ। সেই পর্ব জোরদার হয়ে উঠেছিল। পাশাপাশি ঐদিন বিগ-বি’র সিটে বসে কিছুক্ষণের জন্য কেবিসির সঞ্চালনা করেছিলেন সৌরভ গাঙ্গুলী। দাদার প্রশ্ন দিতে গিয়ে কালঘাম ছুটে ছিল বিগ-বির। ৩ সেপ্টম্বর ওই পর্ব সম্প্রচারিত হয়েছিল টিভির পর্দায়। এই বিশেষ পর্বে খেলার দুনিয়ার দুই মহারথী ২৫ লক্ষ টাকা জিতেছিলেন। দেখার এবার অলিম্পিকে সোনাজয়ী তারকা নীরজ ও হকি খেলোয়াড় পি.আর.শ্রীজেশ এদিন কি ধামাল করেন! কত লক্ষ টাকা জিতে নিয়ে যান। এই বিশেষ পর্ব দেখার জন্য নজর রাখুন টিভির পর্দায়।
View this post on Instagram





