লকডাউনে গৃহবন্দী সাধারণ মানুষ। সেইসঙ্গে গৃহবন্দি রয়েছেন অভিনয় জগতের মানুষরাও। টেলি সিরিয়ালের শুটিং শুরু হলেও টলিউডে এখনও সেরকম ভাবে কোন সিনেমার শুটিং শুরু হয়নি। তাই টলিউড তারকারা ঘরেই কাটাচ্ছেন কোয়ালিটি টাইম। মাঝেসাঝেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন বিভিন্ন ভিডিও।
এবার মেয়ের সঙ্গে বেশ কয়েক সেকেন্ডের একটি মিষ্টি নাচের ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করলেন সুপারস্টার জিৎ। সাধারণত জিৎ মানেই আমরা বুঝি একজন অ্যাংরি ইয়াং ম্যান। তবে বাস্তব জীবনের জিৎ কিন্তু ঘোরতর সংসারী। স্ত্রী মোহনা ও মেয়ে নবন্যাকে নিয়েই তাঁর দিন কাটে।
এই ভিডিও পোস্ট করতেই জিৎ-এর অনুরাগীরা লাইকে ভরিয়ে দেন। ভিডিওতে দেখা যাচ্ছে কমলা রঙের টি শার্ট ও নীল ডেনিম শর্টসে নিজের মেয়ের সঙ্গে মজার গান, “আলু লে লো, ভিন্ডি লে লো” এর সঙ্গে নাচ করছেন জিৎ। ক্যাপশনে লিখেছেন, ‘বাবা-মেয়ের জুটি এই লকডাউনে’।
২০১১ সালে মোহনা রতলানিকে বিয়ে করেন জিৎ। ২০১২ সালের ডিসেম্বরে জিৎ-মোহনার একমাত্র কন্যা নবন্যার জন্ম হয়। বক্স অফিসে জিৎ-এর শেষ ছবি ছিল অসুর, চলতি বছর জানুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পায় সেই ছবি। জিৎ-এর কামব্যাক ছবি হিসাবে অত্যন্ত প্রশংসিত হয়েছিল এই ছবিটি।
লকডাউন শুরুর আগে, মার্চ মাসে লন্ডনে নিজের পরবর্তী ছবি বাজির শ্যুটিংয়ে গিয়েছিলেন জিৎ। যদিও মাঝপথেই শুটিং বন্ধ রেখে দেশে ফিরে আসতে হয়। জিৎ-এর বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন মিমি চক্রবর্তী। জিৎ এই ছবির সহ প্রযোজকও বটে।






