ভেঙেছেন মৌনতা! আমজনতার সঙ্গেই রাত দখলে পথে নামলেন টলি তারকারা, তরুণী চিকিৎসকদের জন্য চাইলেন সুবিচার

আর জি কর কাণ্ড নিয়ে গোটা রাজ্যে উত্তেজনা। চারদিকে বিক্ষোভ, প্রতিবাদের আঁচ। এমন সময় টলিপাড়ার কোনও তারকাকে সেভাবে এই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি। সকলেরই ধারণা ছিল, রাজনৈতিক চাপের জেরেই মুখ খুলছেন না তারা। তবে অবশেষে মৌনতা ভেঙেছে টলিউড। গতকাল মধ্যরাতের রাত দখলের কর্মসূচিতে দেখা গেল একঝাঁক তারকাকে।

আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদে রাত দখলের কর্মসূচি নেওয়া হয় মহিলাদের তরফে। গতকাল, বুধবার মধ্যরাতে রাস্তায় নেমে রাত দখল করেন রাজ্যের নানান প্রান্তের মহিলারা। এবার সেই কর্মসূচিতে আমজনতার সঙ্গেই পা মেলালেন টলিপাড়ার তারকারাও।

তরুণী চিকিৎসকের নির্যাতনের ঘটনার প্রতিবাদে রাত দখলের কর্মসূচিতে অংশ নেন শুভশ্রী গাঙ্গুলি থেকে শুরু করে পার্নো মিত্র, অরিন্দম শীলকে। তাদের সঙ্গে ছিলেন পরিচালক বীরশা দাশগুপ্তও।

এদিনের এই রাত দখলের কর্মসূচিতে যোগ দেন অভিনেত্রী মিমি চক্রবর্তীও। মিছিল থেকে হাততালি দিতে দেখা যায় তাঁকে। তরুণী চিকিৎসকের ন্যায় বিচারের জন্য স্লোগান তুলতে থাকেন তিনি।

শুধু বড় পর্দার তারকারাই নন, দিন রাত দখলের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ছোট পর্দার একাধিক তারকারাও। এদিন পথে নামেন নিম ফুলের মধু ধারাবাহিক খ্যাত তনুশ্রী গোস্বামী, অনুরাগের ছোঁয়ার কাকিয়া তথা সায়ন্তনী মল্লিক, দিব্যজ্যোতি দত্ত, তৃণা সাহা, ঋতব্রত মুখোপাধ্যায়ও।

আবার জমায়েতে অংশ নেন ঋদ্ধি সেনও। সেখানকার একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “এই শুভ রাতে ভালো হয়ে থেকো না। রাগ দেখাও, ক্ষোভ দেখাও। এই মৃতপ্রায় আলোতে গর্জে ওঠো অন্ধকারের বিরুদ্ধে”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর