আর জি করে তরুণী চিকিৎসকের উপর যে নির্মম নির্যাতন ঘটেছে, সেই ঘটনায় উত্তাল পরিস্থিতি। বাংলা তো বটেই, দেশের নানান দিকেও চলছে প্রতিবাদ। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গর্জে উঠেছে বাংলা-সহ গোটা দেশ। এই প্রতিবাদের আগুনের আঁচ এবার দেশ ছেড়ে পড়ল বিদেশের মাটিতেও। বিদেশেও হল রাত দখলের কর্মসূচি।
তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গতকাল ১৪ আগস্ট মধ্যরাতে পথে নামেন মহিলারা। রাত দখলের কর্মসূচি নেওয়া হয়। বাংলার মহিলারা প্রতিবাদ জানান আর জি করের ঘটনায়। শুধুমাত্র বাংলাই নয়, দিল্লি, মুম্বইতেও দেখা গিয়েছে এই কর্মসূচি। তবে এবার জানা গেল, বিদেশের মাটিতেও এই রাত দখলের কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছিল।
আগে জানা গিয়েছিল, আমেরিকা ও ইউকে-তে এই রাত দখলের কর্মসূচি হবে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা গেল, সত্যিই এমন কর্মসূচি হয়েছে। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে আর জি করের তরুণীর জন্য গর্জে উঠলেন সেখানকার বাঙালিরা। হাতে প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে চলল প্রতিবাদ। শান্তিপূর্ণ ও নীরব প্রতিবাদই করা হয়েছে কিন্তু গর্জে উঠেছে মানুষ।
বিদেশের মাটিতেও যে এমন এক কর্মসূচি হয়েছে, তা দেখে আপ্লুত বাংলার মানুষ। তাদের কথায়, এই আন্দোলনকে দিকে দিকে আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে। আন্দোলনের আঁচ আরও বাড়াতে হবে। তবেই ন্যায় বিচার পাবেন তরুণী চিকিৎসক। আন্দোলনের তীব্রতা কমে গেলে আসল দোষীও ধরা পড়বে না।
প্রসঙ্গত, এদিন বাংলার মহিলারা যখন রাত জেগে পথে নেমে অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে, সেই সময় আর জি করে ঘটে ভয়ঙ্কর ঘটনা। দুষ্কৃতীরা হামলা চালায় আর জি করে। আক্রমণ করা হয় চিকিৎসক এমনকি রোগীদের উপরও। ভাঙচুর চালানো হয় জরুরি বিভাগে। নষ্ট করা হয়েছে লক্ষ লক্ষ টাকার ওষুধ। নার্স স্টেশনে চলেছে ভাঙচুর। আজও হামলা হবে এমন হুমকি দিয়ে গিয়েছে দুষ্কৃতীরা, এমনটাই খবর। এর জেরে ভীত সকলে। তবে বিদেশের মাটিতেও যে অভিনব প্রতিবাদ হয়েছে, তা দেখে সকলে বেশ আপ্লুত!





