বাংলা ধারাবাহিক দর্শকদের খুবই কাছের। বিশেষত বাংলা ধারাবাহিকে অভিনীত চরিত্রগুলি। তাই তাতে যদি কিছু বেগতিক দেখেন দর্শকেরা, তাহলে তেলে-বেগুনে জ্বলে ওঠেন। এবার সেই বাংলা ধারাবাহিককেই নিজেদের জীবনের অঙ্গ করে নিয়েছেন কিছু অভিনেত্রী। যাদের একসময় সিনেমা ছাড়া দেখা যেত না, এমনকি দীর্ঘদিন অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন যারা, তাঁরা ফের ফিরেছেন কাজে। ফের অভিনয়কে ভালোবেসে রুপোলি পর্দায় না এলেও, এসেছেন ছোটপর্দায়।
সেই তালিকায় নাম রয়েছে টোটা রায়চৌধুরী থেকে শুরু করে দেবশ্রী রায়ের। বাংলার অভিনয় জগতের সব থেকে জনপ্রিয় ও পরিচিত নাম টোটা রায়চৌধুরী। শুধু বাংলায় নয় হিন্দি সিনেমাতেও একাধারে জনপ্রিয় তিনি। ‘শ্রীময়ী’ সিরিয়ালে রোহিত সেনের ভূমিকায় বেশ অনেক বছর অভিনয় জগতে থেকে বিরতির পর দেখা গিয়েছে অভিনেতাকে। দর্শকমহলে তাঁর এই চরিত্র সাড়া ফেলেছে। সকলেই রোহিত সেনের ব্যক্তিত্বতে ফিদা।
অন্যদিকে প্রায় একযুগ অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়। দীর্ঘ ১০ বছর পর ফের অভিনয় জগতে ফিরেছেন তিনি। রাজনীতিতে একসময় দাপিয়ে বেড়িয়েছেন। কিন্তু শেষমেশ ফিরতে হয়েছে নিজের পুরনো জায়গায়। জি বাংলার ‘সর্বজয়া’ ধারাবাহিক দিয়ে কামব্যাক করেছেন অভিনেত্রী। ২-৩ সপ্তাহের মধ্যে সিরিয়াল টিআরপি চার্টের দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে।
অন্যদিকে বেশ কিছুদিন টেলিভিশন থেকে দূরে থাকার পর ‘শ্রীময়ী’তে জুন আন্টির চরিত্রে দাপিয়ে বেড়িয়েছেন উষসী চক্রবর্তী। তাঁর নিজের নাম প্রায় ঢাকা পড়ে গিয়েছে। সকলেই জুন আন্টি নামে তাঁকে ডাকেন। এই তালিকায় নাম রয়েছে ইন্দ্রানী দত্তেরও। একসময় একাধিক সফল বাংলা ছবির নায়িকা ছিলেন তিনি। এছাড়া ক্যারিয়ারের শুরুতে দূরদর্শনে বেশকিছু টিভি শো করতেও দেখা গিয়েছে তাঁকে। দীর্ঘদিন পর আবার জি বাংলার ‘জীবন সাথী’ ধারাবাহিকের মাধ্যমে ফিরে এসেছেন তিনি।
এরপর নাম রয়েছে ওম সাহানির। এই মুহূর্তে জি বাংলার সবথেকে জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর মেন্টর ওম। টিভি রিয়্যালিটি শো থেকে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন বহু বছর আগে। একটি সিরিয়ালে তাঁকে দেখাও গিয়েছিল। তারপর ফের আবার ডান্স রিয়্যালিটি শো দিয়ে পরিচিতি পাচ্ছেন তিনি। এদিকে দীর্ঘ ১৩ বছর ধরে একহাতে জি বাংলার ‘রান্নাঘর’-এর অনুষ্ঠান সামলেছেন সুদীপা। কিন্তু সন্তান জন্মের পর বিরতি নিয়েছিলেন। আবার ফের ছেলে আদিদেবের জন্মের পর নিজের দায়িত্ব সামলাচ্ছেন অভিনেত্রী।
এই তালিকায় নাম রয়েছে অঞ্জনা বসুরও। বাংলা বিনোদন জগতে তাঁর নাম সকলেরই জানা। ‘বিজয়িনী’ শেষ হওয়ার পর টিভি শো ‘মন মানে না’ দিয়ে ফের পর্দায় ফিরছেন অভিনেত্রী। এরকমই দীর্ঘদিন অভিনয় জগৎ থেকে দূরে থাকার পর ফের আবার স্বমহিমায় দেখা যাচ্ছে একাধিক তারকাকে। অভিনয় তাদের ভালোবাসা। সেখান থেকে নিজেদেরকে কখনোই দূরে রাখতে পারেন না তাঁরা। তাই বহু বছরের বিরতির পরও সেখানে ফিরে আসছেন একে একে সকলে।





