বিশ্বজুড়ে করোনা জেরে গৃহবন্দী সমাজের সমস্ত শ্রেণীর মানুষ। সে বড় কোনো তারকাই হোক কি ছোট কোনো চাকুরীজীবী। রুপোলি পর্দার অভিনেতা অভিনেত্রীরাও যেমন আটকে পড়েছেন বাড়িতে সেরকমই বাড়িতে বন্দিদশায় কাটাচ্ছেন নাট্য জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরাও।
এখন বাধ্য হয়েই বাড়িতে বসেই রুপোলি পর্দার মানুষরা নিজের মতন করে বিভিন্ন শর্ট ফিল্ম বানাচ্ছেন। কিন্তু এই বিষয়টা দেখা যাচ্ছে মূলত টিভি তারকা এবং সিনেমার অভিনেতা অভিনেত্রীদের মধ্যে। এবার এই কাজে এগিয়ে আসতে দেখা গেল নাট্য জগতকে। লকডাউনে বাড়িতে বসেই তারা বানিয়ে ফেললেন একটি কবিতার ভিডিও। যেটি খুব শীঘ্রই আসতে চলেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

সংলাপ কলকাতা দলের অভিনেত্রী সোমা চক্রবর্তী প্রথম এই উদ্যোগটা নেন। তিনি জানিয়েছেন, “যেহেতু এখন আমাদের সকলের একটা দুঃসময় চলছে। আর এই দুঃসময় আমাদের খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে হবে। তাই আমরা কয়েকজন বন্ধু মিলে স্থির করি রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃসময় কবিতাটাই আবৃত্তি করব।” আর তাঁর এই প্রোজেক্টের জন্য বন্ধুরা মিলে যে কাজ করছেন, সেই টিমের নামও রেখেছেন “বন্ধু চল”। কারণ এখন যে একে অপরের পাশে থাকাই আসল, এখনই তো আসল বন্ধুত্বের সময়।
এই প্রোজেক্টে সোমা কাছে পেয়েছেন কলকাতার বিশিষ্ট নাট্যব্যক্তিত্বদের। এঁদের মধ্যে রয়েছেন পৌলোমী চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, সুজন নীল মুখোপাধ্যায়, কুন্তল মুখোপাধ্যায়, প্রসেনজিৎ বর্ধন, নিবেদিতা মুখোপাধ্যায়, সঞ্জীব সরকার, দেবনাথ চট্টোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজন নাট্যশিল্পীকে। সকলেই এই উদ্যোগকে বেশ সাধুবাদ জানিয়েছেন। পুরো ভিডিওটার মধ্যে দিয়ে নাট্যজগতের তরফ থেকে একটি বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে এমনটাই জানিয়েছেন উদ্যোক্তারা।
পুরো ভিডিওটার আবহের দায়িত্বে রয়েছেন বাচিক শিল্পী দীপেন্দু হালদার। তিনি ভিডিও সম্পাদনাও করেছেন। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে রয়েছেন ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার এবং স্ক্রিপ্টরাইটার অমিত দে। সামগ্রিক পরিচালনায় রয়েছেন সোমা চক্রবর্তী। আগামী ৫ই জুন ইউটিউবে আসতে চলেছে তাঁদের এই ভিডিও।
করোনার এই পরিস্থিতিতে মানুষ যতদিন যাচ্ছে ধীরে ধীরে বিষাদগ্রস্ত হয়ে পড়ছে। নাট্যজগতের অসামান্য উদ্যোগ মানুষের মনে অন্তত কিছুটা হলেও আশার আলো নিয়ে আসবে বলেই মনে করছেন উদ্যোক্তারা।





