জীবনের কোন ঘটনাগুলো বদলে দিয়েছে তাঁকে? কঠিন সময়ে কারা থেকেছেন পাশে? নতুন দায়িত্বের মাঝেই জীবনের বড় শিক্ষা ও ভালোবাসা নিয়ে মুখ খুললেন বিক্রম চট্টোপাধ্যায়!

অভিনেতা হিসেবে দর্শকদের কাছে পরিচিত মুখ বিক্রম চট্টোপাধ্যায়। এবার তিনি নতুন পরিচয়ে সামনে এসেছেন। ওয়েব সিরিজ তারকাটা-র মাধ্যমে প্রযোজক হিসেবেও পথচলা শুরু করেছেন। এই নতুন দায়িত্ব নিয়ে তিনি যথেষ্ট উৎসাহী। তাঁর কথায়, অভিনয়ের পাশাপাশি প্রযোজনার কাজ তাঁকে সিনেমার এমন অনেক দিক চিনতে শিখিয়েছে, যা আগে জানা ছিল না। একই সঙ্গে প্রযোজকদের পরিশ্রম ও দায়িত্ব সম্পর্কে তাঁর শ্রদ্ধাও অনেক বেড়েছে।

ব্যক্তিগত জীবনের প্রসঙ্গে বিক্রম জানান, সময়ের সঙ্গে তিনি বুঝেছেন কঠিন মুহূর্তে খুব অল্প কয়েকজন মানুষই সত্যিকারের পাশে থাকেন। পরিবার, কাছের বন্ধু এবং আপনজনদের গুরুত্ব তিনি এখন আগের চেয়ে অনেক বেশি উপলব্ধি করেন। জীবনের নানা অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে সম্পর্ককে মূল্য দিতে। তাই কাজের ব্যস্ততার মধ্যেও তিনি পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেন এবং তাঁদের সঙ্গেই সবচেয়ে বেশি স্বস্তি খুঁজে পান।

অবসর কাটানোর সবচেয়ে প্রিয় উপায় পাহাড়ে ঘুরতে যাওয়া। বিক্রমের মতে, পাহাড় তাঁকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। কয়েক বছর ধরে তিনি নিয়মিত একা ভ্রমণ করছেন এবং এই অভিজ্ঞতা তাঁর কাছে বিশেষ মূল্যবান। একা ভ্রমণের মাধ্যমে নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়, নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ মেলে এবং মানসিকভাবে নতুন উদ্যম নিয়ে কাজে ফিরতে পারেন। তাঁর ভাষায়, পাহাড় যেন নতুন করে শুরু করার শক্তি দেয়।

প্রেম ও সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে বিক্রম বলেন, তিনি ভালবাসায় বিশ্বাস করেন, তবে শুধুমাত্র সম্পর্কের জন্য সম্পর্ক তৈরি করার পক্ষপাতী নন। জীবনে সঠিক মানুষ এলে সম্পর্ক স্বাভাবিকভাবেই তৈরি হবে বলে তাঁর বিশ্বাস। তিনি মনে করেন, দীর্ঘ জীবনের সুখ-দুঃখ, সাফল্য-ব্যর্থতা ভাগ করে নেওয়ার জন্য একজন সঙ্গী গুরুত্বপূর্ণ। তবে কোনও কিছু জোর করে ধরে রাখার বদলে তিনি স্বাভাবিকভাবে সম্পর্ক গড়ে ওঠার অপেক্ষায় থাকতে চান।

আরও পড়ুনঃ বিলাসিতা ছেড়ে গঙ্গার ঘাটে রাত কাটাচ্ছেন, জনপ্রিয় কৌতুক শিল্পী সুনীল গ্রোভার! অভাবের তাড়নায় এই হাল? ভাইরাল ভিডিও দেখে অবাক অনুরাগীরা! হঠাৎ কেন এমন পরিণতি?

নতুন সিরিজ ‘তারকাটা’ নিয়ে বিক্রম জানান, গল্পের নামকরণ তাঁরই করা। সিরিজটিতে দুই ভিন্ন সময়ের দুই চরিত্রের মাধ্যমে প্রতিশোধ এবং সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে। বাংলা ওয়েব কনটেন্টে আরও সাহসী ও ভিন্ন ধরনের কাজ হওয়া প্রয়োজন বলেও তিনি মনে করেন। পাশাপাশি টলিউডের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী অভিনেতা বলেন, অতীতের সমস্যা পেরিয়ে ইন্ডাস্ট্রি আরও ভাল সময়ের দিকে এগোবে বলেই তাঁর আশা। আর ব্যক্তিগত জীবনের পরিবর্তন প্রসঙ্গে তিনি জানান, জীবনের বড় বড় ঘটনাই মানুষকে বদলে দেয়, তাঁকেও বদলেছে, তবে কাছের মানুষদের আরও বেশি করে চিনতে ও আঁকড়ে ধরতে শিখিয়েছে।

Tithi Chakraborty

আরও পড়ুন

আরও অন্যান্য খবর