বিদেশ যাত্রা ‘দ্য কাশ্মীর ফাইলস’এর! মুসলিম দেশ আরব আমিরশাহীতে মুক্তি পেতে চলেছে বিবেক অগ্নিহোত্রীর ছবি, নিন্দুকদের জবাব পরিচালকের

বিগত প্রায় একমাস ধরে বক্স অফিস কাঁপাচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। পরিচালক বিবেক অগ্নিহোত্রীর এই ছবি একদিকে যেমন প্রশংসা পেয়েছে, কেন্দ্র সরকারের সমর্থন পেয়েছে, তেমনই এই ছবিকে নিয়ে বিতর্কও কম হয়নি। সাধারণ মানুষ, বলি তারকারা এই ছবি নিয়ে দু’ভাগে ভাগ হয়েছেন।

এই ছবিকে অনেকেই ইসলাম বিরোধী বলে দেগেছিলেন। এবার তাদের উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে বিবেক অগ্নিহোত্রী জানান, “চার সপ্তাহের চুলচেরা বিশ্লেষণের পর অবশেষে সংযুক্ত আরব আমিরশাহীতে মুক্তি পাচ্ছে এই ছবি। ছবির একটি অংশও বাদ পড়েনি। আগামী ৭ই এপ্রিল UAE-তে মুক্তি পাবে এই ছবি। এরপর সিঙ্গাপুরেও মুক্তি পেতে চলেছে”।

https://twitter.com/vivekagnihotri/status/1509160806839054337

দিন কয়েক আগেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির বিরোধিতা করে সুর চড়িয়েছিলেন একদল মুসলিম নেতা। সাংবাদিক সম্মেলন করে তারা দাবী জানান যাতে এই ছবির প্রদর্শনী বন্ধ করা হয়।

মুসলিম নেতাদের অভিযোগ ছিল যে বিবেক অগ্নিহোত্রীর এই ছবি সমাজে অশান্তি ছড়াবে। জাতিগত ঘৃণা ছড়াতে পারে এই ছবি। কিছু বলি তারকাও দাবী করেছিলেন যে ‘দ্য কাশ্মীর ফাইলস’ জনসাধারণের মধ্যে মুসলিম বিরোধী মনোভাব তৈরি করতে পারে।

প্রসঙ্গত, নব্বইয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের উপর যে নৃশংস অত্যাচার হয়েছিল, তাদের উৎখাত করতে যে গণহত্যা হয়েছিল, সেই কাহিনীর প্রেক্ষাপটের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি। কেন্দ্র সরকারের তরফে এই ছবির ভূয়সী প্রশংসা করা হয়।

উল্লেখ্য, গত ১১ই মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। এই ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার, পল্লবী যোশী, ও আরও অনেকে। ইতিমধ্যেই ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে এই ছবি। বক্স অফিসে দুর্নিবার গতিতে এগিয়ে যাচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’।

RELATED Articles