বলিউডে তাঁর যাত্রা শুরু হয়েছিল সুপারস্টার সলমন খানের বিপরীতে ‘বীর’ ছবির মাধ্যমে। প্রথম ছবিতেই দর্শকের নজর কাড়েন জ়রীন খান। অনেকেই তাঁর চেহারার সঙ্গে ক্যাটরিনা কইফের মিল খুঁজে পেয়েছিলেন, যা সেই সময় বেশ আলোচনার বিষয় হয়ে ওঠে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বলিউডে তাঁর পথ একেবারেই সহজ ছিল না। বিশেষ করে ‘হেট স্টোরি ৩’ ছবিতে অভিনয়ের পর থেকেই তাঁর প্রতি ইন্ডাস্ট্রির দৃষ্টিভঙ্গি বদলে যায় বলে দাবি করেছেন অভিনেত্রী। সেই ছবির সাহসী দৃশ্য তাঁকে আলোচনার কেন্দ্রে নিয়ে এলেও, একই সঙ্গে তৈরি করেছিল নানা সমালোচনা এবং ভুল ধারণা।
জ়রীন জানিয়েছেন, ‘হেট স্টোরি ৩’ মুক্তির পর ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে ছোট করে দেখতে শুরু করেন। অনেকের ধারণা হয়ে যায়, তিনি অভিনয়ের চেয়ে সাহসী দৃশ্যে অভিনয় করেই নজর কাড়তে চান। এই মন্তব্য তাঁকে ভীষণ কষ্ট দিয়েছিল বলে জানিয়েছেন অভিনেত্রী। তাঁর কথায়, অনেকেই সরাসরি বলতেন যে তিনি নাকি অভিনয় পারেন না, তাই এমন চরিত্র বেছে নেন যেখানে খোলামেলা পোশাক বা ঘনিষ্ঠ দৃশ্য বেশি থাকে। অথচ তিনি মনে করেন, একজন অভিনেত্রীর কাজের মূল্যায়ন হওয়া উচিত তাঁর অভিনয় দিয়ে, ব্যক্তিগত মতামত বা গুজব দিয়ে নয়।
এই বিতর্কের মধ্যেই তাঁর কাছে আসে ‘অকসর ২’ ছবির প্রস্তাব। ছবিটি ছিল জনপ্রিয় ‘অকসর’ ছবির সিকুয়েল এবং পরিচালনার দায়িত্বে ছিলেন অনন্ত মহাদেবন। জ়রীন জানান, শুরুতে তাঁকে গল্পটি একটি রহস্যভিত্তিক থ্রিলার হিসেবে বোঝানো হয়েছিল। পরিচালকও নাকি তাঁকে আশ্বস্ত করেছিলেন যে এটি ‘হেট স্টোরি ৩’ ধরনের ছবি নয়। সেই বিশ্বাস থেকেই ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন তিনি। কিন্তু শুটিং শুরু হওয়ার পর পরিস্থিতি ধীরে ধীরে অন্য রকম হয়ে ওঠে।
আরও পড়ুনঃ শাসকদলের নেতা থেকে সোজা পুলিশ অফিসার! ইতিমধ্যেই বাম নেতার চরিত্রে নজর কাড়তে প্রস্তুত কুণাল ঘোষ, এবার নতুন ছবিতে ‘ফাঁদ’-এ হচ্ছেন আইনের রক্ষক!
অভিনেত্রীর দাবি, সেটে গিয়ে তিনি দেখেন প্রায় প্রতিটি দৃশ্যের শেষে চুম্বন দৃশ্য রয়েছে অথবা তাঁকে অন্তর্বাস পরে অভিনয় করতে বলা হচ্ছে। বিষয়টি দেখে তিনি বিস্মিত হন এবং পরিচালকের কাছে সরাসরি আপত্তিও জানান। জ়রীন বলেন, সাহসী দৃশ্যে অভিনয় করতে তাঁর আপত্তি নেই, কিন্তু গল্প যেমনভাবে বলা হয়েছিল বাস্তবে তেমন কিছুই ঘটছিল না। তাঁর মতে, আগের ছবির সাফল্যকে কাজে লাগাতে গিয়ে হঠাৎ করেই এমন দৃশ্য যুক্ত করা হচ্ছিল, যা তিনি আগে জানতেন না।
শেষ পর্যন্ত ছবিটিতে অভিনয় করলেও পুরো বিষয়টি নিয়ে সন্তুষ্ট ছিলেন না জ়রীন খান। তাঁর মতে, ছবির গল্প এবং পরিকল্পনা সম্পর্কে শুরুতেই পরিষ্কার ধারণা দেওয়া হলে হয়তো এমন অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। ‘অকসর ২’ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছিলেন অভিনব শুক্ল এবং গৌতম রোডে। এই অভিজ্ঞতা তাঁর কাছে বলিউডের এক তিক্ত অধ্যায় হয়ে রয়ে গেছে, যা আজও তিনি খোলাখুলি ভাবে শেয়ার করেন।





