উত্তর-পূর্ব ভারতের জীববৈচিত্র্যে যোগ হলো নতুন চমক। মেঘালয়ের শিলংয়ে আদা পরিবারের একটি নতুন প্রজাতির ফুল আবিষ্কার করেছেন গবেষকরা। এই ফুলটির নাম রাখা হয়েছে ‘হেডিকিয়াম জুবিনগার্জিয়ানাম’। অসমের জনপ্রিয় গায়ক, সুরকার ও অভিনেতা জুবিন গর্গের সম্মানেই এই নামকরণ করা হয়েছে, যা ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এই নতুন প্রজাতিটি শনাক্ত করেছেন বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ইস্টার্ন রিজিওনাল সেন্টারের গবেষকরা। দীর্ঘদিন ধরে শিলংয়ের একটি বোটানিক্যাল গার্ডেনে থাকা অচেনা গাছটি নিয়ে গবেষণা চলছিল। বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর তাঁরা নিশ্চিত হন, এটি আদা পরিবারের একেবারে নতুন প্রজাতি। জানা গেছে, অন্তত ২০১৮ সাল থেকে গাছটি সেখানে ছিল, তবে এর উৎস সম্পর্কে কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
গবেষকদের মতে, এই ফুলটির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এর ফুল ক্রিম-সাদা রঙের এবং সুগন্ধযুক্ত। ফুলের পরাগধানী হলুদ, আর ডাঁটা ঘন লোমে ঢাকা। সাধারণত এপ্রিল থেকে মে মাসের মধ্যে এই ফুল ফোটে। এই বৈশিষ্ট্যগুলির জন্যই এটি কাছাকাছি প্রজাতি ‘Hedychium gracile’ থেকে আলাদা বলে চিহ্নিত করা গেছে।

জুবিন গর্গ উত্তর-পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় শিল্পী। সংগীত, অভিনয় এবং সংস্কৃতির জগতে তাঁর অবদান অনেক বড়। সেই অবদানকে সম্মান জানাতেই এই নতুন ফুলের নাম তাঁর নামে রাখা হয়েছে। গবেষকদের মতে, এই নামকরণ একদিকে যেমন অঞ্চলের প্রকৃতির বৈচিত্র্যকে তুলে ধরছে, তেমনই সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গেও একটি সুন্দর সংযোগ তৈরি করছে।
আরও পড়ুনঃ এপার বাংলার ‘পাখি’ উড়ে গেল বাংলাদেশে! ওপার বাংলার ‘চামেলি’ হয়ে বড় পর্দায় ঝড় তুলবেন মধুমিতা সরকার! ঢালিউডে ডেবিউ, পাকাপাকিভাবে টলিউডকে বিদায় জানালেন অভিনেত্রী?
উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৬ সালেই জুবিন গর্গের নামে একাধিক নতুন প্রজাতির নামকরণ হয়েছে। এর আগে অসমের মানস জাতীয় উদ্যানে পাওয়া একটি নতুন ফুলগাছ এবং অরুণাচল প্রদেশে আবিষ্কৃত একটি প্রজাপতির প্রজাতির নামও তাঁর নামে রাখা হয়। ফলে, বিজ্ঞান ও সংস্কৃতির এই মেলবন্ধনে জুবিন গর্গের সম্মান আরও এক ধাপ এগিয়ে গেল।






