নৈহাটির বড়মা-র আশীর্বাদে দেব-যিশুরা, খাদান মুক্তির আগে জোরকদমে প্রচার!

আগামী ২০শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘খাদান’ (Khadan)। মুক্তির আগে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ দেবের টিম। গোটা বাংলা জুড়ে চলছে চমকপ্রদ প্রচার। সোমবার ছবির তারকা দল পৌঁছে গেলেন নৈহাটির বিখ্যাত বড়মা-র মন্দিরে (Boro ma Naihati)। দেবের সঙ্গে উপস্থিত ছিলেন যিশু সেনগুপ্ত, ইধিকা পাল, স্নেহা, বরখা সহ অন্যান্য শিল্পীরা। মন্দিরে পুজো দিয়ে দেব জানালেন, মায়ের আশীর্বাদে ছবি সাফল্যের আশায় বুক বেঁধেছেন তিনি। এদিন খাদান-টিমের আগমনে মন্দির সংলগ্ন এলাকায় ভক্তদের ঢল নেমেছিল। পুলিশ প্রশাসনকে জনসমুদ্র সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয়।

মন্দিরে পৌঁছেই ভক্তদের উন্মাদনা চোখে পড়ে। দেবকে এক ঝলক দেখার জন্য বাড়ির ছাদ, বারান্দা থেকে শুরু করে মন্দির চত্বর ভরে গিয়েছিল মানুষে। কালো জিনস ও ফুলহাতা টি-শার্ট পরে পুজো দিতে হাজির হয়েছিলেন দেব। মায়ের আরতির সময় হাঁটু মুড়ে বসে চুপচাপ প্রার্থনা করেন তিনি। পুজো শেষে মন্দিরের ছাদে উঠে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন দেব। আগে তারাপীঠেও পুজো দিয়ে এসেছিলেন তিনি। দেবের কথায়, মায়ের দরবারে প্রার্থনা করে নতুন ছবির জন্য ভালোবাসা ও আশীর্বাদ চাওয়া তার কাছে বিশেষ অনুভূতির বিষয়।

‘খাদান’ ইতিমধ্যেই সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। ছবির দৈর্ঘ্য মাত্র ২ ঘণ্টা ১৭ মিনিট ১১ সেকেন্ড। সেন্সর বোর্ড থেকে UA সার্টিফিকেটও মিলেছে, যার মানে ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে অভিভাবকের উপস্থিতি বাধ্যতামূলক। সীমিত হিংসা ও ঘনিষ্ঠ দৃশ্য থাকলেও অশ্লীল ভাষা সম্পূর্ণরূপে বাদ দেওয়া হয়েছে। ‘খাদান’-এর প্রচারে দেব যে অন্য তিনটি প্রতিদ্বন্দ্বী বাংলা ছবিকে প্রচারে অনেকটাই পিছনে ফেলেছেন, তা স্পষ্ট। প্রচার নিয়ে তার পরিকল্পনায় রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন দেব।

‘খাদান’-এর পরিচালনায় রয়েছেন সঞ্জয় রিনো দত্ত। ছবিতে মুখ্য চরিত্রে দেব ও যিশু সেনগুপ্তের পাশাপাশি ইধিকা পাল, বরখা বিস্ত, স্নেহা, জন ভট্টাচার্যের মতো জনপ্রিয় অভিনেতারা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। ছবির গল্প ও ট্রেলার ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। দীর্ঘদিন পর একটি পূর্ণাঙ্গ কমার্শিয়াল ছবি নিয়ে বক্স অফিস মাতাতে প্রস্তুত দেব। প্রচারে বিপুল অর্থ খরচ করেও সাফল্যের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী অভিনেতা।

আরও পড়ুন: উৎসবের মাঝেই আতঙ্ক! হাসপাতালজুড়ে ফেস্টিভ ফ্লু-র হানা!

নৈহাটি থেকে শুরু হওয়া এই বিশেষ প্রচার কর্মসূচি আসলে বাংলার নানা প্রান্তে দেবের জনপ্রিয়তাকে আরও একবার তুলে ধরেছে। নিজের ছবি মুক্তির আগে মায়ের কাছে প্রার্থনা ও ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে দেব প্রমাণ করেছেন, বাংলার দর্শকদের সঙ্গে তার সম্পর্ক কতটা গভীর। ‘খাদান’-এর মতো বহুল আলোচিত ছবির মুক্তি নিয়ে দেব যে ঝুঁকি নিচ্ছেন, তা বক্স অফিসে কতটা সফল হবে, তা দেখার অপেক্ষায় এখন গোটা ইন্ডাস্ট্রি।

RELATED Articles